Poetry

ছেদ | শাহাদাত সুফলের কবিতা "ছেদ"

September 4, 2026

58 views

কোথাও দেখি না তারে যদি খোলা রয়
দুইচোখ, যখনই বন্ধ হতে থাকে 
চোখের পাতা, আচমকা হাজির হয়
উপহার নিয়ে হাতে আমাকে সে ডাকে;

দৃপ্ত পায়ে হেঁটে আমি চলে যাই দূরে
একপাশে জমা হয় ক্ষত, অন্যপাশে
সে এসে কড়া নাড়ে খুব অন্তপুরে 
যদি কেউ আসে, তারে দেখাবে আকাশে;

আমি চলে যাই, কেউ কী এসেছে তবে
খোলেনি দুয়ার, করেনি কী আলিঙ্গনে
উপহার গ্রহণ! নয়তো কীভাবে হবে
প্রেম কিংবা পরিণয় অন্য কারো সনে!

আমি তো রাখিনি দাবি তার থেকে আর, 
যে আমারে ভেঙেচুরে করেছে চুরমার!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login