Poetry

নিঃশব্দ কাফেলা

September 6, 2026

Original Author শাহরিয়ার ইফতি

51 views

গ্রীষ্ম, মস্তিষ্ক ঘিরে চলা খরা,
নীল বেদনাভরা পথে সারি সারি চিন্তারা,
স্তরে স্তরে অদৃশ্য পাহাড়ের পিঠে পাহাড়।
এক ক্ষুদ্র পথিক হয়ে
এক বিশাল কাফেলায় আজ,
অন্তের বুক চিরে অসীমের দিকে।
মৃত ভূমির পথে হেঁটে
মরুর মহাসমুদ্রে পতিত হয় সে।
তবুও শুষ্ক ঠোঁটে
বেঁচে থাকার নাম লিখে যায় সে,
রক্ত দিয়ে আঁকা এক প্রশ্নবোধক চিহ্নে।
জীবন কি শুধু দিকভ্রান্ত আলোকরেখা?
না কি নিঃশব্দে ফেটে যাওয়া বিস্ময়?
তবু এগিয়ে চলা,
চোখে মৃত্যুর রঙ মেখে,
হৃদয়ে একটি শেষ প্রতিজ্ঞা বয়ে।
অন্ধকারের বুক ফুঁড়ে যে আলো আসে—
সে তো জন্ম নেয় হাজারবার মরে,
তাই আমিও হাঁটি, নিঃশব্দ কাফেলায়,
আবার অসীমের দিকে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login