সভ্যতার শিখরেই পৌঁছে গেছে আজ সভ্যতা স্বয়ং-
যেখানে প্রকৃতিকেই থাকতে হয় চরম অস্বস্তিতে
আর অস্তিত্ব সংকটের মতো মৃত্যু-পীড়ায়।
সভ্যতার এ মহাজাগতিক অবনতির উন্নয়নের পাল্লাটাই ভারি।
অফুরন্ত দুর্নীতি আর ভেজালের সম্ভাবনায়—
প্রতিদিন একটুখানি করে মরতে হয় ভেতরে ভেতরে।
ভিত পচে গেছে,
মৌলিক অধিকারের পূর্ণতাও এখানে উচ্চাকাঙ্ক্ষী বিলাসিতা।
এই যুগান্তকারী বিপ্লবই তো আমাদের অহংকার আর অনুপ্রেরণা।
এখানে কংক্রিট আর যান্ত্রিকতার আড়ালে চাপা পড়েছে মানবিকতা,
ক্রমশই সস্তা হয়েছে মানুষের জীবনের মূল্য।
এখানে ন্যায়ের দাঁড়ি-পাল্লা অবলীলায় বিক্রি হয় ক্ষমতার হাটে,
আর সত্যের কণ্ঠ রোধ করে উল্লাস করে চাটুকারের দল।
অবশ্য বাতাস যেখানে বিক্রি হয় সিলিন্ডারে,
আর জল বিষাক্ত বোতলে,
সেখানে প্রেম ধ্যান ধর্ম ক্রমাগত সংকৃর্ণতার আশ্রয়ে প্রগতির জয়গানে মেতে থাকে অহংকারী মত্ততায়।
আধুনিকতার চাদরে কী এক পঙ্গু সমাজ,
যার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে স্বার্থপরতার মহামারী।
বিজ্ঞানের হাত ধরে হয়তো জয় হয়েছে দূর আকাশের নক্ষত্র,
অথচ নিকষ অন্ধকারে হারিয়ে গেছে মনুষ্যত্বটায়।
এই তো আমাদের আধুনিকতা, এই তো আমাদের চরম উৎকর্ষ!
দুর্ভিক্ষ নামক বিনাশের হাটে বুক ফুলিয়ে স্লোগান ধরি— "আমরা প্রগতিশীল, আমরাই শ্রেষ্ঠ!"
এই যুগান্তকারী বিপ্লবই তো আমাদের অহংকার আর অনুপ্রেরণা।
আমি যাকে সভ্যতার প্রহসন বলে ডাকি।
সভ্যতার প্রহসন
November 20, 2026
Original Author শাহরিয়ার ইফতি
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.
-
-
ঠিক বলেছেন। সভ্যতার উন্নতিতে প্রকৃতিই এখন অস্বস্তিতে রয়েছে। এক আশ্চর্য প্রহসনের মধ্য দিয়ে আমরা হয়ত চরম ধ্বংসের পথেই এগোচ্ছি। ভালো লিখেছেন।