গল্প

মধুর প্রতিশোধ

September 7, 2026

Muztaba Ali

11
View

জীবনেতো অনেক ঘটনাই ঘটে। তার কটাই বা আমরা মনে রাখি। কিছু ঘটনা আমাদের মনে দাগ কেটে যায়। চাইলেও আমরা তা ভুলতে পারিনা। স্মৃতির কোন এক কোণে ঘুমিয়ে থাকে। সময় সুযোগ পেলে ঘুম থেকে জেগে ওঠে। এমনই একটা ঘটনার কথা মনে পড়ল এক গ্রাহককে দেখে। তিনি  আমার কাছে জানতে চাইলেন একাউন্ট খুলতে কি কি লাগবে? আমি তাকে দেখেই চিনতে পারলাম আর বলে দিলাম কি কি লাগবে এবং সাথে এও বললাম একজন পরিচয়দানকারী লাগবে যার একাউন্ট আছে আমাদের ব্যাংকে। তিনি বললেন তার স্ত্রীর একাউন্ট আছে এই শাখায় এবং আমাকে ধন্যবাদ জানিয়ে দুই এক দিন পরে আসবেন বলে চলে গেলেন। চাকরি জীবনের সাত বছর পার করে নিজের এলাকায় বদলি হয়ে এসেছি। স্কুল জীবনের অনেক সহপাঠীর ব্যাংক একাউন্ট আছে আমার শাখায়। কিন্তু আশ্চর্য হলাম ওরা আমাকে চিনতে পারেনি। আমি পরিচয় দিলে পরে ওরা আমাকে চিনতে পারে। এই মাত্র যিনি আমার সাথে কথা বলে গেলেন তিনি ও পরিচয় দিলে আমাকে চিনতে পারতেন। কিন্তু ইচ্ছে করে আমি তাকে আমার পরিচয় দেইনি। কেননা তার সাথে আমার একটা বোঝাপড়া ছিল সেই ছোট বেলার। আমার বয়স তখন ৯-১০ বছর আর আমার ছোট ভাইয়ের ৫-৬। আমি আর আমার ছোট ভাই ফুপুর বাড়ি যাচ্ছিলাম। পথে চার-পাঁচজন ছেলে আমাদের পথ আটকালো। সবাই আমার চেয়ে বয়সে ৫-৬ বছরের বড়। আমাকে একজন বলল তুমি অমুকের ছেলে? বললাম, হ্যা। তখন বলল তোমার বড় বোনের নাম এই? বললাম, হ্যা। আমার ছোট ভাইকে দেখিয়ে বলল, এটা তোমার ছোট ভাই? বললাম, হ্যা। তখন সে তাদের দলের একজনকে দেখিয়ে বলল একে চেনো? আমি বললাম, হ্যা। আমি যাকে চিনি প্রশ্নকর্তা তার দিকে ইংগিত করে বলল, ও তোমার বোনকে ভালবাসে। কথাটা শুনে প্রথমে আমি বুঝে উঠতে পারিনি কিন্তু যখন বুঝতে পারলাম রাগে আমার কান গরম হয়ে গেল। দেখলাম আমার বোনকে যে ভালবাসে সে এবং তার বন্ধুরা হাসছে।  মনে হল ঘুসি মেরে সবগুলোর দাঁত ভেঙে দিতে  কিন্তু নিজের চেয়ে বড় পাঁচ জনের সাথে লাগতে যাওয়ার সাহস বা শক্তি কোনটাই আমার ছিলোনা। ছেলেটা  হাসতে হাসতে  আবার বলল, তোমাদের কি ওকে দুলাভাই হিসাবে পছন্দ হয়? আমি কিছু না বলে মুখের মধ্যে একটা রাগীভাব ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম। আর আমার ছোট ভাই এসবের মাথা মুন্ডু কিছু বুঝতে না পেরে একবার আমার দিকে আর একবার ওদের দিকে তাকাচ্ছিল। প্রেমিক পুরুষ তখন তার বন্ধুকে বলল, তুই থাম। আমি বুঝাইয়া কইতাছি। তারপর সে আমাকে বোঝাতে লাগলো, শোন আমি তোমার বোনকে ভালোবাসি। তুমি তোমার বোনকে গিয়ে আমার কথা বলবা। আর আমাকে তোমার বোন ভালোবাসে কিনা আমাকে জানাবা। তার কথা শুনে আবার সবাই হাসতে শুরু করলো। আমি কোন কথা না বলে ছোট ভাইকে নিয়ে চলে গেলাম সেখান থেকে।  বাসায় এসে কাউকে একথা বলেছিলাম কিনা মনে নেই। কিন্তু ঘটনাটা আমি কখনো ভুলিনি। তো যে ভদ্রলোক ব্যাংক একাউন্ট খোলার তথ্য জেনে গেলেন তিনিই ছিলেন সেই প্রেমিক পুরুষ। আমি তার আর তার স্ত্রীর আমার ব্যাংকে আসার অপেক্ষায় থাকলাম। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে তারা দুদিন পর আসলেন আমার শাখায় ব্যাংক হিসাব খুলতে। আমি তাদের বসিয়ে ফরম পূরণ করার সময় আমার পরিচয় দিলাম, বাবার নাম বললাম। প্রেমিক পুরুষ আমার বাবাকে চিনতে পেরে খুশিতে বলে উঠলেন, আপনি  তার ছেলে! বললাম, হ্যা। একাউন্ট খোলা হয়ে গেলে আমি তাদের দুজন আর আমার জন্য চা দিতে বললাম পিয়নকে। চা খেতে খেতে হেসে আমি বললাম, ভাবী জানেন ছোট বেলায় আমি আর আমার ছোট ভাইকে পথে আটকে ভাই বলেছিল আমার বড় বোনকে সে ভালোবাসে। আমার কথা শুনে তাদের দুজনের মুখের হাসি ভাবটা মিলিয়ে গেল। ভাই অতি কষ্টে মুখে হাসি ভাব ফুটিয়ে বলল, মজা করছিলাম। ভাবীর মুখে কোন কথা নেই। বললাম, আপনি যে মজা করছিলেন সেটা আমি ঐ সময় বুঝতে পারিনি। আমিতো ভাবছিলাম সত্যি সত্যি  
আপনি আমার বোনকে ভালবাসেন। আরও খুশি হয়েছিলাম আপনার মতো একটা সুন্দর দুলাভাই পাবো ভেবে। ভাবীর দিকে তাকিয়ে দেখি তার মুখে রাগী ভাব ফুটে উঠেছে। আর ভাই যেন কোন কিছু বুঝে উঠতে পারছেন না, একবার আমার দিকে একবার ভাবীর দিকে তাকাচ্ছেন। ঠিক ঐ দিনটির মতো একটা দৃশ্য তৈরি হয়েছে। আমি ভাই আর তার বন্ধুদের মতো হাসছিলাম, ভাবী আমার মতো রাগী ভাব ফুটিয়ে তুলে তাকিয়ে আছে তার স্বামীর দিকে আর প্রেমিক ভাইটি আমার ছোট ভাইয়ের মতো কি ঘটছে বুঝতে না পেরে একবার আমার দিকে আর একবার তার স্ত্রীর দিকে তাকাচ্ছেন। তো আমি আগুনে আরও একটু ঘি ঢেলে দিলাম, ভাই আপনাকে দেখলাম আমার বোনের ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছেন! আমার এ কথা শোনা মাত্র ভাবী চেয়ার ছেড়ে দাঁড়িয়ে তার স্বামীকে বললেন, আজকে তুমি আসো বাসায়... ! কথাটি বলেই তিনি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত চলে গেলেন। ভাই আমার দিকে অসহায় দৃষ্টি ফেলে বললেন, এইটা কি করলেন ভাই? আমি মিষ্টি একটা হাসি দিয়ে মুখে  বললাম, মজা করলাম আর মনে মনে বললাম, প্রতিশোধ নিলাম!

Comments

    Please login to post comment. Login

  • Md. Aftab Hossen 7 hours ago

    হাহাহা ভালো ছিল.. এমন একটা ভয়েই থাকি৷ 😜