সে আমায় ছুঁয়ে দিলো!
কীভাবে?
একসাথে উঠেছিলাম লিফটে,
সে আগে, আমি ঠিক পরপরই।
লিফটের চারে সে,
আমি থাকি পাঁচে।
চারের বোতামটি সে চেপে ধরে,
তারপরই আমি যেই বাড়ালাম হাত
চেপে দিতে পাঁচ,
অমনি সে বললো, কত দিবো?
পাঁচ বলতেই বোতামটি টিপে দিলো।
আমিও দিলাম তাকে ধন্যবাদ।
যখন সে নেমে গেল,
কেন যেন মনে হলো মুখ টিপে হেসে ছিলো,
আড়চোখে দেখেছিলো।
আমি তো ছিলাম না সাহায্যপ্রার্থী।
দুই হাতে আমার ছিল না কিছুই, যে
নিজে থেকে পারব না বোতামটা চাপতে।
তাহলে সে চায়নি সাহায্য করতে,
ছুঁয়ে দিতে চেয়েছিল
এবং সে ছুঁয়ে দিলো
লিফটের পাঁচ টিপে।
আর যেন বলে গেল—দেখলে তো,
ছুঁয়ে দিলাম তোমাকে!
নারী বলেই পারে কি এমন করতে,
না ছুঁয়েও ছুঁয়ে দিতে
পুরুষের মন!?