"ভালোবাসা জাগানিয়া অনুভূতি "
মো: ফরহাদ
কতদিন ভালোবাসা হয় না,
হয় না ভালোবাসা কতকাল!
শরতের শুভ্রতা নিয়ে
সে এসেছিল সেদিন;
মেঘমুক্ত আকাশের মতো
ছড়িয়ে ছিলো তাঁর মুখের দ্যুতি।
বিদায় শরতের আহ্বানে;
যদিও তাঁর প্রস্থান!
তবুও চাই,
হেমন্তে নবান্নের উৎসবমুখর হয়ে
সে থাকুক চিরকাল।
শীতের হাড় কাঁপানো স্পর্শ নিয়ে
অনুভূত হোক।
বসন্তের মাতার হাওয়ায় মতো;
বিলিন করে দিক আমার সকল চৈতন্য।
তাঁকে ঘিরে প্রস্ফুটিত হোক...
ভালোবাসা জাগানিয়া অনুভূতি;
গ্রীষ্মের দাবদাহে জ্বলে,পুড়ে খাক হয়ে,
বর্ষার ঘন বর্ষণে অনুভূত হোক তাঁর চেতন,
অচেতন ও অবচেতন সত্তায়;
অবগাহন করে দিক আপাদমস্তক।
আবার কোন শরতের শুভ্রতা নিয়ে
সে আসুক, ভালোবাসুক;
কাশফুলের নরম ছোঁয়ার মতো
জরিয়ে থাকুক চিরকাল।