Poetry

নীরবতা অনেকটা ঐশ্বরিক

September 15, 2026

57 views

কবির আগেও অনেকে নীরব ছিলেন,

যেমন নীরব ছিলেন ঈশ্বর।

নীরবতা অনেকটা ঐশ্বরিক বলে

আমি চেয়ে থাকি সময়ের চাদর,

ওখানে কি হচ্ছে হোক।

এতটুকু ঈশ্বর হবার খায়েশ যাদের

তারা নীরব হতে হতে নদীর তীরে

দাঁড়িয়ে দেখে ভেসে যাওয়া কচুরিপানা।

নদীর খুব কাছে যেও না।

ওখানে অনেক স্রোত,

কেউ কেউ ডুবে মরছে মরুক।

নীরবতা অনেকটা ঐশ্বরিক বলে

আমি দেখে থাকি কোনো শার্দূল

কারও ঘাড় মটকে খাচ্ছে খাক।

এতটুকু ঈশ্বর হওয়ার খায়েশ যাদের

তারা ঈশ্বর হতে হয়ে থাক নীরব।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login