তুমি ফিরবে, যেমন—
পাখি ফিরে নীড়ে সন্ধ্যার নামার মুহুর্তে;
তোমার জীবনে এখনো মধ্যাহ্নের সূর্য।
তুমি আঁধার দেখো নি, জানতে শেখো নি
প্রেমহীন আঁধারে অহং ক্ষুধা মিটায় তোমাকে খেয়ে।
জানি, তুমি ফিরবে—
অহংয়ের দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত হয়ে জানবে,
প্রেম মানে অন্যকে হারিয়ে জেতা নয়।
আজ তোমার চোখে আলো,
তুমি জানো না রাত্রি কত নিঃশব্দে,
মানুষকে মানুষ থেকে খসিয়ে নেয়।
সেদিন তুমি বুঝবে
ভীড়ের মাঝে দাঁড়িয়ে একাকীত্ব কতটা গভীর।
ক্ষুধা আর জয় করবে না প্রেমকে গ্রাস করে তখন।
তোমার কণ্ঠে থাকবে অনুতাপ চোখে হারানো জল
জানবে সব পথ ঘুরে জল সমুদ্রেই ফিরে।
তুমি ফিরবে, যেমন—
পাখি ফিরে নীড়ে সন্ধ্যার নামার মুহূর্তে;
আর আমি শিখে নেব
ফিরে আসার ভাষাকে ক্ষমার উচ্চারণে।
রচনাকাল: ২১.০২.২৬