কে থেমেছে
মেঘের মতো,
কে নেমেছে
মাটির কাছে?
যারপরনাই
থতোমতো,
খুব ঘেমেছে
চাঁদের আঁচে!
থামতো যদি—
নদীর মতো
নিরবধি
বইতে আছে?
রাতসুবাসে
ভ্রমর এলে
ফুলের কাছে,
কইতে আছে?
ছায়াই যতই
দুর্বিনীত
কায়ার কাছে,
কী লাভ বলো?
ভুল মানুষে,
অবাক ডাকে,
হুলুস্থুলে
সন্ধ্যা হলো।
উঠান বাটি
গৃহস্থালি;
উঠলো ভাসি
আর্তনাদে—
অন্ধ পেচক
নির্নিমেষে
অমানিশায়
ডুকরে কাঁদে।
ছাড়তে আসে
নানা আচার,
বাঁচতে গেলে
শর্ত হাসে!
বিষ-বিষাদের
বিপন্নতায়,
বুদ হতে ফের
অর্থ আছে?