এইসব দিনগুলোতে আমার শীতের সন্ধ্যার কাছে ফিরে যেতে ইচ্ছা হয় । যেই সন্ধ্যায় আমি মায়ের দেয়া চাদর জড়িয়ে বসি থাকি পুকুরের ঘাটে ।
দূরে কোনো ভাপার দোকানের চুলায় ক্রমশ বেড়ে চলে আগুনের তাপ । ফিনফিনে পাতলা একটা ফুলহাতার ময়লা গেঞ্জিতে আগুন পোহাতে থাকা শিশুকে ফুল তোলা নতুন উলের সোয়েটারের স্বপ্ন দেখায় তার মা ।
আমি বসে থাকি ।
একটা পানকৌড়ি ডুব দেয় পুকুরের জলে।
আমার কানে বাজে তোমার পছন্দের গান – 'জো ওয়াদা কিআয়ে নিভানা পারেগা...!'
.
যেইসব শীত ।
আমি বসে থাকি শিশিরে পা ডুবিয়ে।
আমার ঠোঁট ফাটে, হাড় হিম হয়;
তুমি হেঁটে চলে যাও ঘন কুয়াশা ভেদ করে;
দূর থেকে দূরে, ক্রমশ আবছা !
আমি দাঁড়িয়ে দেখি।
আমার গায়ে জড়ানো মায়ের দেয়া চাদর। পানকৌড়িটা ভেসে ওঠে, ফাঁকা ঠোঁট !
কানে বাজে – 'জো ওয়াদা কিআয়ে নিভানা পারেগা...— তোমার প্রিয় গান!