মানুষের জীবন এমনই বন্ধু
আদিত্য ভৌমিক
তারিখ:২৫/৯/২০২৬
মানুষের জীবন এমনই বন্ধু,
কেউ পাশে থাকে না চিরজীবন,
আজ যে মানুষ আপন হয়ে পাশে দাঁড়ায়,
কাল হয়তো সে-ই হয়ে যায় অচেনা একজন।
মানুষের জীবন এমনই বন্ধু,
কেউ সত্যি করে তোমার খোঁজ রাখে না,
কেউ নিজ থেকে ভালো কাজের পথে
তোমাকে এগিয়ে যাওয়ার সাহস দেয় না।
কেউ হয়তো তোমার সাফল্যে
মুখে হাসবে, খুশির কথা বলবে,
অথচ সেই হাসির আড়ালেই কখনো কখনো
নীরব হিংসার আগুন জ্বলবে।
কেউ কটুকথায় হৃদয় ভেঙে দেবে,
কেউ অকারণে আঘাত করবে মনে,
তবু সব কথা মুখ বুজে সহ্য করে
হেঁটে যেতে হবে নিজের জীবনের পথে।
জীবনে কত মানুষ আসবে,
কত সম্পর্ক জড়িয়ে যাবে হৃদয়ের সঙ্গে,
কত স্মৃতি হয়ে থাকবে চোখের জলে,
তবু একদিন সবকিছু পড়ে থাকবে অতীতের ঘরে।
যাদের একদিন আপন ভেবেছিলে,
তাদের কেউ হয়তো আর থাকবে না কাছে,
তবু তাদের দেওয়া স্মৃতিগুলো
নীরবে বেঁচে থাকবে তোমার হৃদয়ের মাঝে।
মনে রেখো বন্ধু,
এই পৃথিবীতে আমরা একা এসেছি,
একদিন সব মায়া, সব সম্পর্ক, সব পরিচয় পেরিয়ে
আমাদের একাই চলে যেতে হবে।
তাই কারও ওপর রাগ করে থেকো না,
অভিমান জমিয়ে রেখো না মনে,
মানুষের জীবন বড়ই অল্প সময়ের,
আমরা সবাই তো দুদিনের অতিথি এই পৃথিবীতে।
যে তোমাকে কাঁদিয়েছে, তাকে ক্ষমা করে দিও,
যে তোমাকে কষ্ট দিয়েছে, তাকেও ক্ষমা করো,
কারণ শেষ সময়ে সঙ্গে থাকবে না কোনো রাগ,
শুধু কিছু স্মৃতি আর ভালোবাসাই থাকবে হৃদয়জুড়ে।
মানুষের জীবন এমনই বন্ধু,
সবাই আপন হয় না, সবাই পাশে থাকে না,
তবু যতদিন বেঁচে আছি এই পৃথিবীতে,
মানুষকে ভালোবেসে যাওয়া ছাড়া
জীবনের চেয়ে সুন্দর আর কোনো উত্তর নেই।