Story

শেষ উত্তর

September 26, 2026

83 views

পাহাড়ের গভীর ছায়া ও একটি সরু নদীর ফিসফিসানি নিয়ে এক অদ্ভুত নিস্তব্ধ জনপদ এই বেলতলি। এখানে সময় যেন নিজেকেই স্থির রাখতে চায় আর তার সাথে সাথে এখানকার মানুষেরাও যেন পাহাড়ের মতো স্থবীরতাকেই সঙ্গী হিসেবে খুঁজে নেয়। পূর্ব দিগন্তে পাহাড়ের চূড়ায় যখন প্রথম সূর্যের আলো পড়ে, মসজিদের মিনার থেকে ভেসে আসে হাফেজ রহিম মোল্লার কণ্ঠস্বরে ভোরের আজান, যেন অস্তিত্বের প্রথম ঘোষণা। আর এদিকে বেলা গড়িয়ে সকাল নটায় বেলতলি কলেজের দোতলা ভবনের বারান্দার রেলিং এ হাত রেখে নিমগ্ন ধ্যানী সাধুর মতো দাঁড়িয়ে থাকেন প্রভাষক অরুণ সেন। তার প্রতিদিনের অভ্যাস এটি। দিগন্তের পাহাড়গুলোর মাটি ছুঁয়ে থাকা দেখতে দেখতে প্রতিদিন তিনি ভাবেন, জ্ঞান ও জিজ্ঞাসার নিরন্তর লড়াইয়ে ধর্ম ও যুক্তির এই যুগপৎ সহাবস্থানেই আমাদের জীবন হয়ত ফুরিয়ে যাবে, বহু কিছু আমাদের জানা হবে না, বহু প্রশ্ন দিনে দিনে ভাবনা থেকে হয়ত মুছেও যাবে; উত্তরগুলো অজানাই থেকে যাবে৷
কলেজের কাছেই সরু নদীটার উপর বহু পুরোনো একটি বাঁশের সাঁকো, যা গ্রামের দুই অংশকে যুক্ত করেছে। এই সাঁকো পার হলেই পাশাপাশি দুটো বাড়ি। হাফেজ রহিম মোল্লা ও অরুণ সেন। একজন ‘ঈশ্বরের বাণী’র শিক্ষক, অন্যজন ‘মানুষের বাণী’র অনুগামী। এই বাঁশের সাঁকোটিই তাদেরকে ভৌগোলিকভাবে পাশাপাশি রাখে, কিন্তু তাদের দুজনের ভাবনা এবং বোধের ভিন্নতায় মানসিক দূরত্বকে যেন আরও সুস্পষ্ট করে তোলে। দুজনেই ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে। সময়ের রথে চড়ে একেকজনের পেশা আলাদা হলেও তাদের সখ্যতা রয়েছে, তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধামিশ্রিত বন্ধুত্ব রয়েছে। তবে ধর্ম এবং সৃষ্টির বিষয়ে তাদের নিজস্ব যুক্তির বিচারে তাদের ভাবনার বলয়টি ভিন্ন।
হাফেজ রহিম মোল্লা, মাঝবয়সী হালকা গড়নের একজন মানুষ। তবে তাঁর শ্যামলা ধাঁচের মুখাবয়বে হালকা দাড়িতে তাকে দেখতে বেশ লাগে। ঢাকার যাত্রাবাড়ীতে যে প্রতিষ্ঠানে তিনি কোরআনে হাফেজ হয়েছিলেন, সেখানে তার শিক্ষক মাওলানা শফিউল বারী তাকে হাফেজি পড়ার সাথে ইসলামিক দর্শনের মূল গ্রন্থগুলোর সাথেও পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেসব বইগুলোর মধ্যে আল-গাজ্জালির ‘তাহাফুত আল-ফালাসিফা’ তার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলো। সে বইটিই তাকে শিখিয়েছে, যুক্তিকে পরাজিত করার উপায় যুক্তিকে এড়িয়ে যাওয়া নয়, বরং আরও উন্নত যুক্তি দিয়ে সেটিকে মোকাবিলা করা।
মাঝে মাঝেই রাতের বেলা মসজিদে হারিকেন জ্বালিয়ে একা একাই পড়তে বসেন। তিনি জানেন, তাঁর মতো ইমামের জন্য সম্মানজনকভাবে বেঁচে থাকার জন্য পড়ালেখা করতে হবে। তিনি বিশ্বাস করেন, আল্লাহ মহাবিশ্বের প্রতিটি কণা সৃষ্টি করেছেন, তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষের মস্তিষ্ক কিছুই ভয় পায় না। মানুষের বিশ্বাসের যেমন শক্তি রয়েছে, তেমনি মানুষের মস্তিষ্কের ক্ষমতায় মানুষ নিজের বিশ্বাসকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে পারে। আর বিশ্বাস যদি যুক্তিকে ভয় পায়, তবে সে বিশ্বাস নয়, সেটি অজ্ঞতা থেকে বাঁচার এক দুর্বল অজুহাত। নিজের অবসর সময়ে হাফেজ রহিমের যা কিছু চিন্তাভাবনা, তার লক্ষ্য একটাই—ধর্ম বিষয়ক চিন্তাধারায় যে কোন জিজ্ঞাসার জবাবে সঠিক জবাবের মাধ্যমে পুনরায় বোঝা। কারণ, তিনি বিশ্বাস করেন, আল্লাহর কিতাব যা বলেছে তা সত্য, কিন্তু কিতাব থেকে মানুষ যা বুঝেছে, তা চিরকালই প্রশ্নসাপেক্ষ। এর মূল কারণ মানুষে মানুষে বোঝার তারতম্য, কিন্তু সে তারতম্য কখনো কখনো দ্বন্দ্ব এবং বিভেদও তৈরি করে ফেলে। সকল মানুষকে বোঝানোর জন্য একটি সাধারণ রূপরেখা খুবই দরকার। এ ভাবনাটিই তাকে প্রতিদিন কুরে কুরে খায়।
এদিকে অরুণ সেন বেলতলি কলেজের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে পড়ালেখা করেছেন। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বেলতলিতে পোষ্টিং হওয়ায় যেন তার জীবনের সকল লক্ষ্য পূরণ হয়েছিল। এ কলেজটি তার গ্রামেই। মাষ্টার্স এ তার গবেষণার বিষয় ছিল, Faith and Rationality: The Epistemological Conflict. বিশ্বাস ও যুক্তিশীলতা: জ্ঞানতাত্ত্বিক দ্বন্দ্ব। বিশ্ববিদ্যালয়ের পাট চুকানোর পর বেলতলিতে এর মধ্যে ছয় বছর কেটে গেলেও এখনো সেই ফেইথ আর রেশনালিটির দ্বন্দ্ব নিয়েই এখনো পড়ালেখা করছেন। এ বিষয় নিয়েই পি এইচ ডি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি।
অরুণ সেন অবশ্য মাঝে মাঝেই নিজে কিছু দ্বন্দ্বে ভোগেন। মাঝে মাঝেই তিনি স্রষ্টার উপস্থিতি সম্পর্কে নিজে নিজে কিছু ব্যখ্যা তৈরি করে ফেলেন। ক্লাসে ছাত্রছাত্রীদেরকে পড়ানোর সময় তিনি সত্যকে বোঝার জন্য, অনুধাবন করার জন্য তাদেরকে উৎসাহ দেন। সেজন্য মাঝে মাঝেই তাদেরকে বলেন,
মানুষের জীবনের সার্থকতা কেবল শ্বাস-প্রশ্বাসে নয়, বরং নিজের অস্তিত্বকে প্রশ্ন করার সাহস এবং সততায়।
কিন্তু তার যুক্তিবাদে শুষ্ক কাঠিন্য ছিল না, ছিল শৈশবের একটি স্মৃতিমাখা আর্দ্রতা। শৈশবের অসংখ্য স্মৃতির মধ্যে তার স্পষ্ট মনে আছে তিনি মাকে দেখতেন, সন্ধ্যা নামলে মা ঠাকুরঘরে প্রদীপ জ্বালিয়ে চুপ করে বসে থাকতেন, চোখ বন্ধ, হাতে গীতা। অরুণ দেখতেন, মায়ের চেহারায় তখন পৃথিবীর কোনো দুঃখ, কোনো বিতর্ক, কোনো প্রমাণ বা যুক্তির ভার নেই। শুধু এক গভীর, অব্যক্ত শান্তি।
সে দৃশ্য মনে পড়লেই অরুণের মনে প্রশ্ন জাগে, যদি ঈশ্বর না-ই থাকেন, তবে মানুষের হৃদয়ের এই 'বিশ্বাস' নামের গভীর মানসিক আশ্রয়টি কেন এত শক্তিশালী? তিনি তাঁর একটি আর্টিকেলে লিখেছিলেন,
তীব্র যৌক্তিক বিশ্লেষণ এবং তর্ক-বিতর্কের ঘূর্ণাবর্তে মন যখন তার সর্বোচ্চ সীমা অতিক্রম করে যায়, ঠিক তখনই এক অদ্ভুত অনুভূতি আসে, যেন নিগূঢ় শান্তি এসে ধরা দেয়। এই শান্তি অলৌকিক হোক বা না হোক, মানুষের জীবনে এর প্রয়োজন অপরিহার্য; এটি এমন এক সত্য যা বিশুদ্ধ যুক্তির মাপকাঠিতে মাপা যায় না।
অরুণ এবং রহিমের মাঝে মাঝেই পথে দেখা হয়। অরুণ হয়তো কলেজে যাচ্ছে বা কলেজ থেকে ফিরছে, সে সময়ে রহিম মসজিদে যাছে কিংবা মসজিদ থেকে ফিরছে। পথে স্রেফ কূশলাদি বিনিময় ছাড়া তেমন কোন কথাই হয় না। তবে একদিনের একটি ঘটনা দুজনকে কাছাকাছি নিয়ে এলো, অনেকটা তাদের শৈশবের মতো। সেসময়টা ছিল বর্ষাকাল। গ্রামের ওই সরু নদী পাহাড়ি স্রোতের তোড়ে তখন স্রেফ এক মৃত্যুফাঁদ। একদিন দুপুরের পরপর অরুণ কলেজ থেকে ফিরছিল এবং সেসময়ে রহিমও মসজিদ থেকে বাড়ির পথে। সাঁকো পার হবার পরপরই মুষলধারে বৃষ্টি শুরু হলো। নদী ফুঁসছে। সাঁকো পার হয়ে কিছুদূর এগোতেই নদীর তীরের দিক থেকে কারা যেন সমস্বরে চিৎকার করা শুরু করলো, একটি শিশু স্রোতে পড়েছে। মুষলধারে বৃষ্টি, এমন দুর্যোগে কেউ নদীতে নামতে সাহস পেল না।
অরুণ, কিছু না ভেবেই প্রথমে দৌড়ে গেলেন। তার মাথায় তখন কোনো যুক্তিই কাজ করছিলো না। সেখানে শুধু একটি মানবিক তাগিদ, শিশুটিকে বাঁচাতেই হবে। তিনি ঘাটে পৌঁছতেই সেখানে কয়েকজন আঙ্গুল তুলে দেখাল, বাচ্চাটা ওইখানে! এবং তখন কোন দ্বিধা ছাড়াই ঝাঁপ দিলেন উত্তাল স্রোতে।
এদিকে তার পেছলে দৌড়ে এসেছেন হাফেজ রহিম মোল্লা। তিনি তখন জোরে জোরে বলছিলেন, আল্লাহু আকবার। এ শব্দটি তখন কোনো ইবাদতের উদ্যেশ্যে ছিল না, ছিল চরম সাহসের এক ঘোষণা। নদীর তীরে এসে তিনিও ঝাঁপ দিলেন।
অরুণ কিছুদূর এগিয়েই শিশুটিকে নাগালে পেয়ে গেলেন; কিন্তু তীব্র স্রোতে নিজের ভারসাম্য রাখতে পারছেন না, শিশুটিকে কোনোমতে ধরে আছেন। স্রোতে ভেসে আসা কোন গাছের ডাল ডুবন্ত অবস্থায় ছিলো, সেটিতে কীভাবে যেন তার পা আটকে গেল, সে ডালটি মাঝে মাঝে পানির গভীরে যাচ্ছে আবার খানিকটা উপরে উঠছে। এক হাতে শিশুটিকে ধরে রাখায় নিজেকে সে ডালটি থেকে ছাড়াতেও পারছেন না। ডালটি যখন পানির গভীরে যাচ্ছে, অরুণ নিজেও তখন ডুবে যাচ্ছে, কিন্তু এর মধ্যেও সে শিশুটিকে এক হাতে ধরে রেখেছে। অরুণের মনে হলো, তার শক্তি ফুরিয়ে যাচ্ছে। ঠিক সে সময় রহিম কাছে এসে হাত বাড়িয়ে দিলেন।
আমার হাত ধরো ,অরুণ!
আমার পা পানির নিচে পাহাড় থেকে আসা কোন গাছের ডালে আটকে গেছে। আপনি চলে যান রহিম ভাই। বাচ্চাটাকে ধরুন আপনি।
আমরা একসাথেই যাব! আল্লাহ্‌ আমাদের সাথে আছেন।
বলেই রহিম শিশুটির হাত ধরলেন, অরুণ একটা ডুব দিয়ে নিজের পা ছাড়িয়ে আনল। তার ডান পায়ের একটা অংশ বিশ্রীভাবে কেটে গেছে। তবুও অসীম দৃঢ়তায় অরুণ রহিমের পাশে এসে এক হাতে শিশুটির এক হাত ধরলেন। দুজনেই সম্মিলিত শক্তিতে শিশুটিকে তীরে নিয়ে আসলেন। তারা নিজেরাই প্রায় ডুবে যাচ্ছিলেন, কিন্তু শিশুটি বেঁচে গেল।
গ্রামবাসী বলল, এটি আল্লাহর রহমত। অরুণ আর রহিমের জন্যেই শিশুটি বেঁচে গেল।
তখনো বৃষ্টি হচ্ছে। রামবাসী শিশুটিকে নিয়ে গ্রামের দিকে চলে গেল। তারা দুজনেই নদীর ধারে ভিজে মাটিতে বসে রইল। ঠাণ্ডায় তারা দুজনেই কাঁপছে, কিন্তু দুজনের হৃদয়েই এক অদ্ভুত শান্তি।
অরুণ বললেন, রহিম ভাই, তুমি কি মনে করো, উপরওয়ালাই আমাদেরকে নদীতে ঝাঁপ দিতে বাধ্য করেছিলেন? নাকি আমাদের মানবিক প্রবৃত্তি, যা প্রাকৃতিক বিবর্তনের ফল?
রহিম শান্ত গলায় বললেন, কর্মের ফলাফল যাই হোক, করুণার উৎস একটাই। ইসলামে একে বলে 'ফিতরাহ'—মানুষের ভেতরের সেই আদি, পবিত্র প্রকৃতি। আল্লাহ্‌ নৈতিকতাকে মানুষের হৃদয়ে স্থাপন করেছেন, যেমন তিনি বীজকে মাটির গভীরে রাখেন। তুমি তোমার যুক্তি দিয়ে ফিতরাহকে শানিত করো। আমি আমার বিশ্বাস দিয়ে তার সেবা করি। নৈতিকতার উৎস ধর্মই কিন্তু তার ফল মানবতা, যা তুমি আজ দুজনেই চর্চা করলাম। সেজন্যেই আমরা আজ নদীতে এ অবস্থায় ঝাঁপ দিয়েছি। অরুণ হাসলেন, আপনার কথাটা খুবই ভালো লাগল, খুবই যৌক্তিক।
রহিম জবাব দিলেন তোমার ভাবনা, জ্ঞান তোমার ভেতরে যুক্তি তৈরি করবে, যুক্তির জবাব খুঁজবে। যুক্তির তর্ক আমাদের সবার মস্তিষ্কেই সারাক্ষণ থাকে, কিন্তু মানবতা আমাদের একসাথে বাঁচিয়ে রাখে। মুচকি হেসে এবার অরুণ বলল, আপনার এ কথাটা আমার খুব ভালো লাগলো রহিম ভাই। আমার মনে হয় আপনার সাথে আড্ডা দিতে হবে। কিন্তু এখন এখানে যদি আমরা বৃষ্টিতে ভিজে ভিজে গল্প করতেই থাকি, আমাদের ঠান্ডাতো লাগবেই, সেই সাথে যারা যারা আমাদের এখন দেখেছে, তারা আমাদেরকে পাগল ঠাউরাবে। কথাটা শুনে রহিমও উঠে দাঁড়ালেন। বললেন,
হ্যাঁ, চলো। এখন বাড়ি যাই। তোমার সাথে আবার কথা হবে।
সেদিনের ঘটনাটি যেন কোন অমোঘ কারণে দুজনকে আরো কাছাকাছি নিয়ে এলো। পরদিন রাতে বাজারের এক চায়ের দোকানে দুজনের আবার দেখা হতেই আবার তাদের গল্প জমে উঠলো। কথায় কথায় একসময় অরুণ জিজ্ঞেস করে বসলো,
রহিম ভাই, আপনি স্রষ্টাকে আলীম বলেন। আলীম অর্থ মানে তিনি সব জানেন, সর্বজ্ঞ। তাই না?
অবশ্যই। তাঁর জ্ঞান অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবকিছুর ওপর বিস্তৃত।
তাহলে আমার একটা জিজ্ঞাস্য আছে। ধরুন, আজ রাতে আমি একটি পাপ করব। তিনি কি আমাদের সেই পাপ করার বিষয়টি জানেন?
নিশ্চয়ই জানেন। তাঁর জ্ঞান সময়ের ঊর্ধ্বে।
যদি আমার কাজ তাঁর কাছে সুনির্ধারিত হয়, তবে আমি পাপ করা থেকে বিরত থাকতে পারব কি? আমার স্বাধীনতা কোথায় রইল? যদি আমার পরিণতি পূর্বনির্ধারিত হয়, তবে আমাকে বিচার করার, বা আমাকে পুরস্কার বা শাস্তি দেওয়ার অধিকার তিনি রাখেন কি? নাকি আমরা কেবল তাঁর লেখা পরিকল্পনাতেই দিনানিপাত করি?
কথাটি শুনে রহিম মোল্লা ধীরেসুস্থে হাতের চায়ের কাপটিতে শেষ চুমুক দিয়ে সেটিকে টেবিলে রাখলেন। তারপর বললেন,
অরুণ, তোমার প্রশ্নটি নতুন নয়। ইবনে রুশদ এবং আল-আশ’আরি, এই দুই মহান মুসলিম দার্শনিকের মধ্যে এটি ছিল বিতর্কের মূল বিষয়। ইবনে রুশদ চেয়েছিলেন মানুষের স্বাধীনতাকে সর্বোচ্চ রাখতে, আর আশ’আরি স্রষ্টার সার্বভৌমত্বকে। এটি নিয়ে তিনি তার তাহাফুত আত-তাহাফুত বইয়ে লিখেছিলেন। আমি বলি, তুমি দুটি ভিন্ন জ্ঞানতাত্ত্বিক স্তরকে মেলাতে চাইছো।
অরুণ ঠিক এভা বে জবাবটা আশা করেনি। কোন বইয়ের রেফারেন্সসহ রহিম এ প্রশ্নের জবাব দেবেন, সেটি তিনি আশা করেননি। তিনি এবার জিজ্ঞেস করলেন, রহিম ভাই, ব্যাপারটি একটু ব্যাখ্যা করুন।
ঈশ্বরের জানা মানেই তোমার করা নয়। ধরো, একজন জ্যোতির্বিদ নির্ভুলভাবে জানেন কখন সূর্যগ্রহণ হবে। জ্যোতির্বিদের জানা কি সূর্যকে গ্রহণ ঘটাতে বাধ্য করে? না। সূর্য তার নিজস্ব নিয়মে চলে। তেমনি, ঈশ্বর জানেন তুমি কোন পথ বেছে নেবে, কিন্তু পথটি তোমাকেই হাঁটাতে হবে। তাঁর জ্ঞান তোমার কর্মের কারণ নয়, বরং তোমার স্বাধীন কর্মের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি। তুমি স্বাধীন। এই স্বাধীনতা দিয়ে তুমি যা করবে, তিনি কেবল সেটির সাক্ষী।
অরুণ মাথা নেড়ে বললেন, এতে প্যারাডক্সের সমাধান হয় না। এটা যেন একই সাথে ‘কারণ’ ও ‘ফলের’ অস্বীকার। কিন্তু আমি স্বীকার করছি, আপনি যুক্তির সাথে বিশ্বাসকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, এটি আমার কাছে ভালো লেগেছে। আমি এ ব্যাপারে আপনাকে কিছু বলতে চাই।
বলো অরুণ। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে।
স্রষ্টার প্রকাশ এবং মানুষের যুক্তি দিয়ে পাওয়া সত্য কখনোই পরস্পর বিরোধী হতে পারে না। থমাস অ্যাকুইনাস নামে একজন দার্শনিক এ ব্যাপারে একটি সুন্দর কথা বলেছেন। যুক্তির মাধ্যমে ঈশ্বরের অস্তিত্বের মতো কিছু ধর্মীয় সত্যকে প্রমাণ করা যায়, যেমন তাঁর 'Five Ways'। আর কিছু সত্য, যেমন ত্রিত্ববাদ বা Incarnation যুক্তির ঊর্ধ্বে হলেও, যুক্তির বিরোধী নয়। সেন্ট আনসেলম নামে একজন ধর্মতত্ত্ববিদ ও দার্শনিক ছিলেন। তিনি যে ধারণাটি দেন, সেটিকে বিশ্বাস অনুসন্ধানী বোধগম্যতা। সেটি কিন্তু বলে না যে বিশ্বাসকে প্রমাণ করতে যুক্তি দরকার, বরং যা বিশ্বাস করা হয়, তা আরও ভালোভাবে বুঝতে যুক্তির প্রয়োজন।
ত্রিত্ববাদ বলতে তুমি কি আমাকে ট্রিনিটির কথা বলছ?
এবারে অরুণ যেন ভীমড়ি খেলেন। হ্যাঁ, ট্রিনিটি আর ইনকার্নেশন কাছাকাছি বিষয় বলতে পারেন। এদুটোই প্রাসঙ্গিক বিষয়। জবাব দিয়েই গভীরভাবে রহিমের দিকে তাকিয়ে রইলেন। ট্রিনিটির প্রসঙ্গ এই বেলতলির এক মসজিদের ইমামের কাছ থেকে তিনি আশা করেননি।
আর হ্যাঁ, তুমি আমাকে বললে যে আমার ব্যখ্যায় প্যারাডক্সের সমাধান হয় না। শোনো, ইবনে রুশদ ছিলেন একজন পরিপূর্ণ অ্যারিস্টোটলীয় দার্শনিক। তিনি আল-আশ’আরির নৈমিত্তিকতার যুক্তিকে জাগতিক সুনির্দিষ্ট এবং নির্ভরযোগ্য নিয়মের প্রেক্ষাপটে মানুষের স্বাধীন ইচ্ছার কথা বলেছেন।
আমার কাছে বিষয়টা একটু জটিল মনে হচ্ছে। এটি অবশ্যই জটিল। তোমাকে এটি নিয়ে আরো পড়তে হবে। তুমি পাশ্চাত্যের দার্শনিকদের প্রসঙ্গ এনেছ। তুমি আল গাজ্জালির তাহাফুত আল ফালাসিফা এবং ইবনে রুশদ এর ফাসল আল-মাকাল দুই দুটোও পড়ে নিয়ো। এই অজপাড়াতে এসব বই কোথায় পাবো রহিম ভাই? অরুণের কণ্ঠে হতাশা। আমার কাছে আছে। নিয়ে নিয়ো। তবে পড়েই ফেরত দিতে হবে।
রহিম এর কথা শুনে অবাক হয়ে অরুণ চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন।

মাসদুয়েক পরের কথা। বেলতলি কলেজে একটি ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ সৃষ্টির উদ্যেশ্যে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা সদর থেকে ইউ এন ও এসেছেন। ইউ এন ও এখানে আসার পেছনে অবশ্য আরেকটা কারণ আছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অরুণের ডিপার্টমেন্টের জুনিয়র। আর আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু শুনে তিনি সপ্তাহখানেক আগেই জানিয়ে দিয়েছেন যে, তিনি এখানে থাকবেন। এদিকে অরুণ সেন ইউ এন ওকে হাফেজ রহিমের প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছে। আলোচনা অনুষ্ঠানের বিষয় এর সাথে রহিম হুজুর লোকটা সম্পর্কেও তিনি কৌতূহলী হয়ে উঠেছেন।আলোচনার বিষয়: 'Faith and Reason: Are They Enemies or Partners?' অরুণ ছিলেন যুক্তির পক্ষে প্রধান বক্তা, রহিম আমন্ত্রিত অতিথি।মূল প্রবন্ধ পাঠের শেষে অরুণ তাঁর যুক্তি তর্কের ঝাঁপি খুললেন। তিনি তখন বললেন, ইতিহাস সাক্ষী, যখনই মানুষের যুক্তি আকাশের দিকে তাকিয়েছে, বিশ্বাস তাকে মাটিতে নামাতে চেয়েছে। গ্যালিলিও'র বিচার, সক্রেটিসের হেমলক পান করা, এসবই কি যুক্তির প্রতি বিশ্বাসের ভীতি নয়? জ্ঞান যখন প্রমাণ চায়, ধর্ম তখন আনুগত্য চায়। প্রশ্ন করাই যদি গুনাহ হয়, তাহলে ঈশ্বর মানুষের মস্তিষ্ক কেন দিলেন? নাকি এই মস্তিষ্ক কেবল তাঁর প্রশংসা করার জন্য? আমি বলি, বিশ্বাস যদি প্রমাণকে ভয় পায়, তবে তা কাপুরুষতা।
হলভর্তি শ্রোতা উত্তেজনায় করতালি দিল।
রহিম উঠে দাঁড়ালেন। তাঁর কণ্ঠস্বর শান্ত, কিন্তু প্রত্যয়ী। তিনিও বলা শুরু করলেন,
অরুণ, তুমি যে ঐতিহ্যের কথা বলছো, তা মূলত মানুষের অন্ধ ব্যাখ্যা এবং ক্ষমতার অপব্যবহার। ইসলামে, কোরআনে বারবার বলা হয়েছে, 'তারা কি চিন্তা করে না?' আকাশমণ্ডলী ও পৃথিবী সম্বন্ধে? ইসলাম জিজ্ঞাসাকে নিষিদ্ধ করেনি। প্রশ্ন করা, অনুসন্ধান করা, তা তো জ্ঞান লাভের প্রথম শর্ত। কিন্তু প্রশ্ন যখন অহংকারের মোড়কে আসে, তখনই তা গুনাহ। জ্ঞান বিনয়ীর জন্য আলো, অহংকারীর জন্য অন্ধত্ব। যখন যুক্তি আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য নয়, বরং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ব্যবহৃত হয়; তখন যুক্তিরও অহংকার হয়। প্রশ্ন কর, কিন্তু সেটি করতে হবে বিনয়ের সাথে, যেহেতু তোমার জ্ঞান অসীম নয়।
অরুণ চেয়ারে বসে দীর্ঘক্ষণ চুপ থাকলেন। রহিমের কথা তাঁর মনকে নাড়া দিল। তিনি বুঝতে পারলেন, যুক্তিকেও তার সীমাবদ্ধতা স্বীকার করতে হয়। রহিমের কথাগুলো শুনে ইউএনও নিজেও বেশ অবাক হলেন। তিনি তখন অরুণের দিকে তাকিয়ে বললেন, আমি এ প্রসঙ্গে ইয়ান জি বারবুর এর When Science Meets Religion: Enemies, Strangers, or Partners? বইটিকে রেফার করবো। আলোচনার টপিকে ফেইথ শব্দটি আমি ধরেই নিচ্ছি ধর্ম শব্দটির সিনোনিম হিসাবেই এখানে এসেছে। ধর্ম ও বিজ্ঞানের সম্পর্ককে চারটি মডেলের মাধ্যমে তিনি আলোচনায় এনেছেন। একটা কমপ্লেক্স স্পেকট্রাম বলা যেতে পারে। সে বইটিতে যে চারটি মডেলের কথা তিনি বলেছেন, সেগুলো হলো, কনফ্লিক্ট, ইন্ডেপেন্ডেন্স, ডায়ালগ এবং ইন্টিগ্রেশন। আমার মনে আজকের এ আলোচনা অনুষ্ঠানটি এখানেই শেষ হয়নি। বরং আলোচনার যাত্রা শুরু হলো। আপনারা আবার আগামী মাসে একই টপিকে আরেকটা সেশন করুন। আজ যেটুকু আলোচনা হলো, তার পর থেকেই সেদিন আমরা আলোচনা শুরু করবো। ইউ এন ও এর কথাগুলো শুনে কলেজের প্রিন্সিপাল রীতিমতো খুশী হলেন। কলেজের অনেক প্রশাসনিক কাজে ইউ এন ও এর ব্লেসিং এর প্রয়োজন হয়। আজকের টপিকটা উনার পছন্দ হয়েছে। ভাবতেই তিনি মনে মনে বেশ আহ্লাদ অনুভব করলেন।

সপ্তাহখানেক পর একদিন রাতে মসজিদের বারান্দায় বসে আছেন রহিম মোল্লা। আকাশে অসংখ্য তারা। তিনি কোরআনের একটি আয়াত বারবার আওড়াতে লাগলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কাদামাটি থেকে, এবং তাকে জ্ঞান দিয়েছি।
তার মাথায় তখনি একটি প্রশ্ন এলো, এই জ্ঞান কি কেবল ধর্মীয় বিধান? নাকি বিজ্ঞান, দর্শন এবং সত্যের প্রতিটি কণার দিকে ইঙ্গিত? তাঁর মনে ভয় হয়, যদি যুক্তির আলোয় একদিন তাঁর বিশ্বাসের রঙের ফিকে হয়ে যায়? যদি প্রমাণ হয় যে, যা তিনি এতোদিন মেনে এসেছেন, তা নিছক মানুষের তৈরি এক কাঠামো?
এ ভাবনাটি আসার সাথে সাথেই তিনি একটি সিদ্ধান্ত নিলেন, না, বিশ্বাস হলো সেই সাঁকো যা যুক্তির শেষ প্রান্ত থেকে শুরু হয়। আমি যুক্তির হাত ধরে সেই সাঁকোর কাছাকাছি পৌঁছাতে চাই। অনিশ্চয়তা হলো বিশ্বাসের পরীক্ষা। যে বিশ্বাস প্রশ্নকে আশ্রয় দেয়, সেই বিশ্বাসই খাঁটি।
এরপরই তার মনে হলো, আল গাজ্জালী তো বলেই দিয়েছেন, যুক্তি বা দর্শন মানুষকে সত্যের সন্ধানে সাহায্য করতে পারে, কিন্তু তা চূড়ান্ত বা সর্বোচ্চ সত্য দিতে পারে না। মানুষের যুক্তির ব্যাপ্তি অসীম নয়, সেটি সীমিত এবং সেটি স্রষ্টার সৃষ্টির রহস্যের সীমায় কখনোই পৌঁছাবে না। রহিম মোল্লার মনে হলো, তিনি বোধহয় বেশী ভাবেন। এ ভাবনাগুলো কেন মাথায় আসে, সেটির পক্ষে তার কাছে কোন যুক্তি নেই। একটি দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালেন তিনি। অন্ধকার আকাশের জ্বলজ্বলে তারাগুলোর দিকে তাকিয়ে তিনি শুধু মনে মনে বললেন, হে আল্লাহ্‌, আমাকে পথ দেখাও। তোমার সত্যের পথ দেখাও। কথাগুলো বলেই কেন যেন তিনি আকাশের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন।
ঠিক সে সময়েই অরুণ সেন নিজের রুমে বসে রাসেলের 'Why I Am Not a Christian' বইটি পড়তে গিয়ে একটা বাক্যে এসে থেমে গেলেন। সেখানে লেখা, ধর্ম কেবল ভয় থেকে সৃষ্ট।
বাইরে নিকষ কালো রাত। জানালা দিয়ে আকাশ দেখতে দেখতে অরুণের মনে হলো, যুক্তির সবচাইতে শক্তিশালী প্রাচীরও মানুষের ভেতরের 'শূন্যতা'কে ঢাকতে পারে না। তার মনে পড়ল মায়ের প্রার্থনা, মনে পড়ল মানবজাতির হাজার হাজার বছরের প্রার্থনার ইতিহাস। প্রতিটি ধর্ম, প্রতিটি বিশ্বাস নিজ আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রার্থনা করেছে। মানুষ কি পেয়েছে সেটা মূখ্য নয়। বরং মানুষের বিশ্বাসটাই মুখ্য।
অরুণ তখন নিজের মনকে নিজেই প্রশ্ন করলেন, আমি বিশ্বের অনেক কিছুরই হয়ত প্রমাণ করতে পারব, আমি যুক্তি দিয়ে ঈশ্বর সম্পর্কে প্রচলিত বিশ্বাসকেও হয়ত জবাববিহীন প্রশ্নের সম্মুখীন করতে পারব। কিন্তু আমি আমার ভেতরের এই নিদারুণ শূন্যতা বা আশাহীনতা, কিংবা মৃত্যুর ভয়কে যুক্তি দিয়ে দূর করতে পারি না। কেন মানুষ কল্পনাতেও এক অসীম শক্তির প্রতি আত্মসমর্পণের মাধ্যমে শান্তি খুঁজে? হয়তো ঈশ্বর নেই, কিন্তু 'বিশ্বাস' মানুষের অস্তিত্ব রক্ষার জন্য একটি গভীর মানসিক প্রয়োজন—যা যুক্তির চেয়েও শক্তিশালী।
অরুণ বুঝলেন, যুক্তির কাজ সত্য আবিষ্কার করা, কিন্তু মানুষের হৃদয়ের কাজ শান্তি লাভ করা। এটির কোন ব্যাখ্যা নেই। এটির জবাব ঈশ্বর হয়তো নিজের কাছেই রেখে দিয়েছেন।
এর মধ্যে দেখতে দেখতে কলেজের সেই আলোচনার দ্বিতীয় পর্বের দিনও চলে এসেছে। আজ আলোচনার বিষয়কে খানিকটা পরিবর্তিত করা হয়েছে। আজকের বিষয়, মানুষের অজ্ঞতা না অহংকার—কোনটি সত্যের পথে বড় বাধা?
মূল প্রবন্ধ পাঠের পর এক প্রশ্নের জবাবে অরুণ বললেন,
অজ্ঞতা মানুষকে প্রশ্ন করতে শেখায়, কারণ সে জানে না। অজ্ঞ মানুষ নম্র। কিন্তু অহংকার শেখায় নিজের উত্তরকেই একমাত্র সত্য মনে করতে। যুক্তির সবচেয়ে বড় অহংকার হলো—যা আমি প্রমাণ করতে পারি না, তা অস্তিত্বহীন। সক্রেটিসের মহত্ত্ব ছিল এই স্বীকারোক্তিতে, ‘I know that I know nothing.’ এই স্বীকারোক্তিই জ্ঞানের প্রথম ধাপ।
রহিম মোল্লা মাথা নাড়লেন, যেন অরুণের কথা তাঁর নিজের ভেতরের প্রতিধ্বনি। তখন তিনি বললেন,
আমার মতে, বিশ্বাসের অহংকার আরও ভয়ংকর। বিশ্বাসের সবচেয়ে বড় অহংকার হলো, যা কিতাবে আছে, পৃথিবীর আর কোথাও সে সত্য নেই। এই অহংকার মানুষকে চোখ বন্ধ করে রাখতে শেখায়, জগতের দিকে তাকাতে বারণ করে। যে বিশ্বাস সৃষ্টিকর্তার সৃষ্টিকে উপেক্ষা করে, সে বিশ্বাস সৃষ্টিকর্তাকেই উপেক্ষা করে। আমাদের নবী (সা.) বলেছেন, যে জ্ঞান অহংকারে বাড়ে, তা আসলে অজ্ঞতা। তাই জ্ঞান তখনই পবিত্র, যখন তা বিনয়ের সাথে মিশে।
রহিম মোল্লার ব্যাখ্যায় উপস্থিত সকলেই চুপ করে রইলো। তারা হয়ত মনে মনে কথাগুলোর গভীরতা বোঝার চেষ্টা করছে।
শ্রোতারা স্তব্ধ। তারা দেখল, দুই প্রতিদ্বন্দ্বী আজ একই সুরে কথা বলছে। একজন যুক্তির অহংকার, অন্যজন বিশ্বাসের অহংকারকে ভেঙে দিচ্ছে। সমাপণী বক্তৃতায় ইউএনও আয়োজকদের ধন্যবাদ দিয়ে খুবই সংক্ষেপে বললেন, অহংকার হলো সত্যের পথে সবচেয়ে বড় এবং দুর্লঙ্ঘনীয় বাধা, কারণ এটি মানুষকে সত্যকে চেনার পরও তা প্রত্যাখ্যান করতে প্ররোচিত করে। এই বিষয়ে আল-গাজ্জালী তাঁর আধ্যাত্মিক দর্শনে উল্লেখ করেছেন: অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা,যা হৃদয়ের প্রবেশদ্বারকে ঐশ্বরিক আলো থেকে বন্ধ করে দেয়, ফলে অজ্ঞানতা দূর করার ইচ্ছাও লোপ পায়।
একইদিন সন্ধ্যায়। নদীর ঘাটে অরুণ এবং রহিম দু'জন পাশাপাশি বসে আছেন। নদীর পানিতে চাঁদের আলো দুলছে, আর দূরের বাঁশঝাড় থেকে শনশন বাতাসের শব্দ ভেসে আসছে।
অরুণ বললেন, তুমি জানো রহিম ভাই, আমি এখনো ঈশ্বরকে আমার যুক্তি দিয়ে প্রমাণ করতে পারিনি, কিন্তু এই জীবনের সৌন্দর্য, এই কারুণ্য, এই মহাবিশ্বের শৃঙ্খলা দেখে তাঁকে অস্বীকারও করতে পারি না।
রহিম মৃদু হাসলেন: আর আমিও কিছুটা ভিন্নভাবে বুঝেছি, অরুণ। আল্লাহকে জানতে হলে শুধু কোরআনের পাতা যথেষ্ট নয়। যুক্তির দরজা খোলা রাখতেই হয়, কারণ যুক্তি দিয়ে তিনি তাঁর সৃষ্টিকে প্রকাশ করেন। যদি তুমি বিশ্বকে ভালোবাসো, তবে তুমি সৃষ্টিকর্তাকে ভালোবাসো।
দুজনেই চুপচাপ বসে রইল। তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। কারণ তারা দুজনেই বুঝেছে, জ্ঞান হলো অনন্ত পথ। মানুষের অজ্ঞতাই তাকে প্রশ্ন করতে শেখায়, আর তার অহংকার তাকে উত্তরে আটকে রাখে। প্রশ্ন (যুক্তি) ও প্রার্থনা (বিশ্বাস) একে অপরের প্রতিবিম্ব।
ঠিক সে সময়ই একটি নির্দিষ্ট বাক্য দুজনের মাথাতেই এলো, পরম সত্যের উপলব্ধি এবং স্রষ্টার সাথে সংযোগই জীবনের একমাত্র উদ্দেশ্য। মানুষের যুক্তির তালিকায় শেষ প্রশ্ন বলে হয়ত কিছুই নেই, তবে এটিই হবে শেষ উত্তর।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • robin ahmed 1 month ago

    একেবারেই ভিন্ন ধারার লেখা।

    • Borhan Mahmud 1 month ago

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

  • probash khobor 1 month ago

    একটা ক্লাসিক গল্প। এক্সিলেন্ট।

    • Borhan Mahmud 1 month ago

      আপনাকে অনেক ধন্যবাদ। এটি নি:সন্দেহে আমার জন্য উৎসাহব্যাঞ্জক।