পতাকায় আচ্ছাদিত কাফনের মানুষ
অবাক হয়ে ভাবে, আমার বুকের ভেতর
নতুন দেশের পতাকা। এই পতাকা হাতে
নিয়ে স্রস্টার কাছে আকুতি জানাবে সে,
দেশ ভালো থাকুক। মানুষগুলো সুখে থাকুক।
খুঁটির মাথায় পতাকা চঞ্চল বাতাসের ঢেউ মাখে বুকে,
সে খুঁটি জানে অন্ধকারে পতাকা বিছিয়ে রাখে
মানুষ। স্বাধীনতা চুরি হয় সেসময়। অন্ধ পথের
মানুষেরা লুটপাটে ব্যস্ত তখন। হতদরিদ্র মানুষ
আরো বেসামাল ভিক্ষুকে পরিণত হয়। অথচ
দিনের বেলা আমরা সবাই বলছি, দেশ ভালো থাকুক।
পথ হারিয়ে মানচিত্র তখন কান্না করে। পথের
খোঁজে সে জনগনের কাছে প্রশ্ন করে বেড়ায়,
আমার দেশের সোনার মানুষ কোথায় হারালো,
কে এখন আকুতি জানায়, দেশ ভালো থাকুক।
বিধ্বস্ত পতাকার গায়ে রক্তের ছোপ ছোপ দাগ,
মানচিত্রের বুকে শোষণের ক্ষত। মুষ্টিমেয় মানুষ
সুখে আছে, ভালো আছে। ওদিকে স্বাধীনতা বলেই যাচ্ছে,
দেশ ভালো থাকুক, মানুষগুলো সুখে থাকুক।
(কবিতাটি আমার একুশ একাত্তরের কবিতা কাব্যগ্রন্থে প্রকাশিত)