আজকের দিনটা দারুণ। কি নরম একটা রোদের দিন। তার সাথে দারুণ হাওয়া। মাথার চুল মাঝে মাঝেই সরে যাচ্ছে। জামালের খুব ভালো লাগছে। ভালো লাগার আরো একটা কারণ আছে। কারণ আজ প্রায় মাসখানেক পর শিউলির সাথে তার দেখা হয়েছে একটু আগে। জামাল শিশু একাডেমির সামনে দাঁড়িয়েছিলো। শিউলিকে রিকশা হতে নামতে দেখেই তার বুকের ভেতর পর্যন্ত বাইরের হাওয়াটা এসে বাড়ি খেলো। জামালের মুখটা নিজে নিজেই হাসি হাসি হয়ে গেলো। হাসিমুখে এগিয়ে এলো রিকশাটার কাছে। একবার মনে হলো শিউলি রিকশা হতে নামার সময় হাত বাড়িয়ে দেয়, কি ভেবে পরক্ষণেই সে ভাবনাটা বাদ দিল।
রিকশা হতে নেমেই দুজন একসাথে হাঁটতে শুরু করল টি এস সি'র দিকে। শিউলিই আগে কথা শুরু করল।
-তোমার চেহারার এ হাল কেন?
-কেন? ঠিকই তো আছি।
-মাথার চুল এত বড় হয়েছে কেন?
-ওহ, ও কিছু না। আমি ভাবছিলাম তোমার সাথে ফের দেখা হবার দিন চুল কাটবো।
-ভাগ্যিস, আজ দেখা হলো। তবে তোমার ঘাড় অবধি চুলে তোমায় ভালো দেখাচ্ছে।
-কি বলো? তাহলে এ চুল কাটবো না।
জামালের কথাটা শুনে শিউলি খিল খিল শব্দে হাসতে লাগলো। জামাল মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে আছে। সবসময় এ দৃশ্যটা তার পছন্দের দৃশ্য। হাসি থামিয়ে শিউলি ঘাড় বাঁকা করে জিজ্ঞেস করল,
-আর কি কি বন্ধ করবে আমার জন্য? কিছুনা। তবে একটা বিষয়কে আমি তোমার জন্য আটকে দিতে চাই।
-কি সেটা? শিউলি জিজ্ঞেস করল।
-সময়। তোমার সাথে এ সময়কে আমি আটকে রাখতে চাই, আর কিছু না। শিউলি কিছু বলল না। গম্ভীর মুখ করে চুপ হয়ে গেলো। জামাল জিজ্ঞেস করল,
-আমার জন্য তোমার এরকম কিছু ইচ্ছে হয় না?
-নাহ। কিছুই আটকাতে ইচ্ছে করে না। বরং তোমার সাথে এই সময়টুকুই আমার সবকিছু। আমি এ জন্যে সময়কে আটকাতে চাইনা। সময় বয়ে চলুক তোমার সাথে।
কথাটাতে জামালের মন এক আশ্চর্য মুগ্ধতায় ভরে গেল। সে নিজে ভাবতে লাগলো, সে সময়কে আটকে রাখতে চাইলো কেন? শিউলি সময়কে যেভাবে চাচ্ছে, সেটাই তো দারুণ।
কিছুদুর এগোতেই বাংলা একাডেমী পেরিয়ে টি এস সি'র কাছাকাছি এসে জামাল বলল, আসো চা খাই। এখানে ফুটপাতে বসেই খেয়ে নিই। তুমি বসবা আমার সাথে এখানে?
-নাহ, আমি দাঁড়িয়েই থাকি। তুমি বসো, আমি দাঁড়িয়েই চা খাবো। চা এর কাপটা নিয়ে জামাল ফুটপাতে বসে পড়ল। পাশেই শিউলি চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আসছে। কি দারুণ একটা দৃশ্য! স্বর্গীয় দৃশ্যের মতো লাগছে সবকিছু জামালের কাছে।
ফুটপাতের ধারে বসা চা দোকানদার জামালের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল,
-পাগলটা এসে গেছে। এখন সারাদিন চা খাবে আর একা একা বিড় বিড় করে কথা বলবে।
(সমাপ্ত)
Comments
Be this story’s first reader
+25 XPNobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.
Sign in to claimFirst reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.