Poetry

আমাদের মাঝখানে যে দূরত্ব

September 29, 2026

69 views

আমাদের মাঝখানে যে দূরত্ব,

তা কোনো মানচিত্রে নেই।

আছে শুধু কিছু না বলা কথা,

কিছু অভিমান, আর ফিরে আসার প্রতীক্ষা।

তুমি চলে যাওয়ার পরও আমার ঘরে

তোমার ছায়া রয়ে গেছে।

জানালার পর্দার পেছনে এখনো তোমার অবয়ব দেখি।

অথচ সেখানে তুমি নেই।

আমাদের কত কথা ছিল,

অনেক সন্ধ্যার পর একসঙ্গে বুড়ো হওয়ার কথা ছিল,

কতবার ভেবেছিলাম,

দুজনেই একসাথে সমস্ত অভিমানকে ছুটি দিয়ে দেব।

অথচ দেখো, আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি,

শুধু পাশাপাশি দাঁড়িয়ে থাকতে থাকতে

দুজনের মাঝখানে একটা সমুদ্র হয়ে গেল।

তুমি হয়তো এখন অন্য কোনো শহরে

বৃষ্টির শব্দ শুনতে শুনতে চা খাও,

আমি এদিকে বৃষ্টির কাছে জানতে চাই,

তোমার জানালায় কি এখনো মেঘ জমে রয়েছে?

কিছু ভালোবাসা শেষ হয়ে যায় না,

শুধু মানুষ দুটো আর একসঙ্গে থাকে না,

একজন প্রতিদিন ভুলে যাওয়ার অভিনয় করে,

অন্যজন হয়তো ভুলে যাওয়াটাকেই জীবন ভাবে।

আমার মনে আছে, তুমি নিজেই দূরত্ব চেয়েছিলে।

আমার খবর আর রাখো না,

সব ভুলে গিয়ে নিশ্চয়ই ভালো আছ।

অদ্ভুত কিছু সন্ধ্যায় মাঝে মাঝে মনে হয়,

তুমি যদি একবার জানতে,

কেউ একজন তোমাকে না পেয়েও

কতটা তোমার হয়ে বেঁচে আছে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login