অন্ধকারে আসবে আবার সেই অশ্বারোহী
তার বুকের কিনারে পুরাতন ক্ষতে রক্তধারা
স্মিত হাসিতে বলে যদি, আমার সাথে চল
তার বুকের ক্ষতের দিকে তাকাবো উদগ্রীব চোখে।
সে শুধু বলবে, হাতটা ধরো আমার,
আমি ঠিক হয়ে যাবো।
ঈশ্বরের দোহাই দিয়ে সে বলবে আবার, হাত ধরো।
আমি তাহলে এবারেও বেঁচে যাবো।
ভ্রুকুটি হেনে তার হাত ছুঁয়েই বলে দেবো,
আমি আবার ঘরে ফিরে যাবো।
তুমি এবারেও আমায় নিতে আসোনি।
অশ্বারোহী অন্ধকারে হারিয়ে যাবে আবার।
কালের চোখে চোখ রেখে অপেক্ষায় থাকবো আবার।
(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে নেয়া)