বাংলায় ইসলাম প্রচারে সাফল্যঃ একটি ঐতিহাসিক বিশ্লেষণ আকবর আলি খানের একটি অন্যতম গবেষণামূলক ইতিহাস গ্রন্থ। ব্যাপক পড়াশোনার পর তিনি এই বইটি লিখেছেন এটা বইটির শেষে যুক্ত থাকা তথ্যসূত্রের ভাণ্ডার দেখেই বোঝা যায়।
মূলত ব্রিটিশ আমল থেকেই বাংলায় ইসলাম প্রচার ও প্রসারের সাফল্য নিয়ে ইংরেজরা চিন্তা শুরু করেছিল কারণ সেসময় খ্রিষ্টান মিশনারিরা খ্রিষ্টধর্ম প্রচারের নানা উদ্যোগ গ্রহণ করলেও তাতে তারা সন্তুষ্টজনক সাফল্য লাভ করতে পারেনি।
অন্যদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে করতেন, “ইংরেজ ঐতিহাসিকরা বাঙালি হিন্দুদের গৌরবোজ্জ্বল কীর্তিসমূহ লুকিয়ে রেখেছেন এবং এমন ধারণার সৃষ্টি করেছেন যে হিন্দুদের পূর্বপুরুষদের কোনো গৌরব ছিল না এবং তাদের পক্ষে বর্তমানেও কোনো গৌরব অর্জন করা সম্ভব নয়”। এরপর তিনি হিন্দুদের প্রচলিত ভাবমূর্তি ভেঙ্গে ফেলে নতুন ইতিহাস তৈরির লক্ষ্যে তার উপন্যাসে হিন্দু নায়ক ও নায়িকাদের বীর ও সম্ভ্রান্ত এবং মুসলমানদের চেয়ে শ্রেষ্ঠ এরূপ দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেন।
এরকম বহু অনুষঙ্গ লেখককে অনুপ্রাণিত করে বাংলার ইসলামের অগ্রগতির ব্যাপারে একটি পূর্ণাঙ্গ গবেষণাপত্র তৈরি করতে। তিনি পৃথিবীর বিভিন্ন গবেষক, চিন্তাবিদ, প্রাবন্ধিক ও ঐতিহাসিকদের বই, গবেষণা পত্র, নিবন্ধ ও উক্তি ব্যবহার করে যেভাবে বইয়ের আলোচনাকে এগিয়ে নিয়েছেন তা বাংলায় মুসলমান সমাজের প্রসারের একটি সামগ্রিক চিত্র তুলে ধরতে সহায়ক হয়েছে এটা স্বীকার করতেই হবে।
আলোচনার সুবিধার্থে বিতর্কমূলক বক্তব্যগুলোকে লেখক দুটি ভাগে বিভক্ত করে বিস্তারিত আলোচনা করেছেন। প্রথম ভাগে রেখেছেন প্রথম প্রজন্মের ঐতিহাসিকদের। প্রথম প্রজন্মের ঐতিহাসিকদের মধ্য থেকে মোট পাঁচটি তত্ত্ব উপস্থাপন করা হয়েছেঃ
এক. পশ্চিম এশিয়া থেকে আগত আশরাফ মুসলমানরা বসতি স্থাপন করেছিল বলে।
দুই. মুসলমান শাসকরা স্থানীয় হিন্দুদের জোর করে এবং বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করেছে।
তিন. বাংলায় উচ্চবর্ণের হিন্দুরা নিম্ন বর্ণের হিন্দুদের শোষণ করেছে। ইসলাম বর্ণবাদে বিশ্বাস করে না এবং সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের উদ্যোগ নিয়েছে; ইসলামের এই সাম্যবাণী অনেক হিন্দুকে অনুপ্রাণিত করেছে।
চার. হিন্দুরা বৌদ্ধদের অত্যাচার করত। হিন্দুদের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পূর্ব বাংলার বৌদ্ধরা ইসলাম গ্রহণ করেছে।
পাঁচ. বাংলাদেশে মুসলমান সুফি, দরবেশ ও পীরগণ ইসলাম ধর্ম প্রচার করেন। তাদের আধ্ম্যাতিক শক্তিতে অনুপ্রাণিত হয়ে দলে দলে লোক ইসলাম গ্রহণ করে।
উপরে উল্লেখিত প্রত্যেকটি তত্ত্বের চুলচেরা বিশ্লেষণ করেছেন লেখক। এর মধ্যে বেশিরভাগ পয়েন্টের মধ্যেই শক্তিশালী তেমন মোটিভ খুঁজে পাননি। অধ্যায় জুড়ে নিজেই তিনি উল্লেখিত তত্ত্বের বিশদ আলোচনা সমালোচনা করে তত্ত্বটির গ্রহণযোগ্যতা পাবার চেষ্টা করেছেন। নিজেই প্রশ্ন করেছেন নিজেই উত্তর খুঁজে তার স্বপক্ষে বয়ান দিয়েছেন।
জনাব আকবর বাংলায় ইসলাম প্রসারের পাশাপাশি বাংলাদেশ ও ভারতীয় অঞ্চলের বাহু ঘেঁষে অবস্থানরত অন্যান্য মুসলমান প্রধান দেশগুলোর সম্পর্কেও সামগ্রিক যুক্তি খুঁড়েছেন। পৃথিবীর আনাচে কানাচে আষ্টে-পিষ্টে থাকা গবেষকদের উক্তি ও গবেষণাপত্রের উপর ভিত্তি করে গ্রন্থটির সামগ্রিকতা উপস্থাপন করা হয়েছে।
৩২৫ টাকা প্রচ্ছদ মূল্যে বইটির তৃতীয় সংস্করণ প্রকাশ পেয়েছে প্রথমা প্রকাশনী থেকে। প্রন্থটির প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। ১২৪ পৃষ্ঠার এই বইটি আকারে ভীষণ ছোট্ট কিন্তু এর ভার অনেক। খুবই সাবলীল ভঙ্গিমায় লেখা। লেখনশৈলীতে কোনো জটিলতা কিংবা গুরুগাম্ভীর্যতা নেই।
#হাবিব_রহমান #Habib_Rahman