আজ দুপুরটা খুব বেশী চুপচাপ। মাঝে মাঝে এ সময়টায় বাসার পাশের আম গাছটাতে একটা কাক ডাকে। আজ কোন কারণে কাকটা ডাকছে না। দুপুরের এ সময়টায় পারুল বাসায় একাই থাকে। তার এ একাকীত্বের সময়টায় সে ঐ কাকটার ডাক শুনে শুনে মাঝে মাঝে ভাবার চেষ্টা করে, কাকটা কি বলতে চাচ্ছে।
কা কা, দুবার কা বললে মনে হয় বলছে, এই কে কোথায় আছিস।
কা কা কা আ আ , তিন বার কা বলে আ বলে টান দিলে মনে হয় বলছে, আমার মনটা ভাল নেই।
আচ্ছা, কাকদেরও কি মন খারাপ হয়! হয় বোধহয়। পাখির কি মন আছে? কে জানে। আজ কাকটা ডাকছে না মানে হলো, কাকটা আজ এখন এখানে নেই। সে কেন যেন কাকটার অভাব বোধ করছে। তার নিজের কাছে অবাক লাগছে। সে কেন কাকটার অভাব বোধ করছে!
আনমনে হাঁটতে হাঁটতে আলমারিটা খুলে নিজের ড্রয়ারটার লক খুলে একটা বড় খাম খুলল। একসময় সাদা রং এর ছিল,এখন কেমন ফ্যাকাসে বাদামী রং এর হয়ে গেছে। বারান্দায় এসে চেয়ারটাতে বসে খামটা খুলে অনেকগুলো জীর্ণ চেহারার কাগজের মধ্য হতে একটা কাগজ বের করল পারুল। বশিরের চিঠি। বশিরের সাথে তার সম্পর্কের সূবর্ণ দিনগুলোতে বশিরের লেখা চিঠি। বশির আশ্চর্য রকমের মায়াভরা চিঠি লিখত। ওর প্রতিটা চিঠি যেন এক একটা স্বাধীন কাব্য। হাতের কাগজটার দিকে তাকাল পারুল।
পারু,
একটা জীবন এমনও হয়ে যেতে পারে,
সবুজ মাঠ ক্লান্ত হবে ফসলের ভারে।
আকাশে মেঘ নেই, দারুণ নীল আকাশ।
তোমার প্রেমে শূন্য হলো সকল হিসাব নিকাশ।
ব্যাস এটুকুই। বশির কি বুঝেছিল, পারুল তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে চলে যাবে! ঠিক যে প্রাপ্তির গল্পের আসায় পারুল এক আকাশ ভালবাসা পায়ে দলে বশিরকে ছেড়ে এসেছিল, তার কতটুকু সে পেয়েছে? আজ মনে হলো, তার এই ঘর সংসারের গল্পটাতেও শেষমেষ শূন্যই হয়েছে হিসাব নিকাশ। ভাবতেই মন খারাপ হয়ে গেল, পারুলের। জীবন কখনো পারুলকে মনমতো চলতে দেয়নি। জীবনের সাধারণ গতির সাথে সে পাও মেলায়নি। আজ অনেক বছর পড় এখন তার মনে হলো, বড় ভুল হয়ে গেছে। খুউব বড় ভুল। কাঁদতে ইচ্ছে করছে তার। গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। বয়েসী মানুষ জোরে শব্দ করে কাঁদতে পারে না। নিজের হাতে পানির স্পর্শ পেয়েই সে বুঝল, নিজের অজ্ঞাতেই সে কাঁদছে। চিঠিটাই ভিজে গেছে অনেকটুকু। চিঠিটা একপাশে সরিয়ে রেখে কান্না শুরু করল, পারুল। ঠিক এ সময়টাতেই কাকটা কোথা থেকে ফিরে এসে ডাক দিল।
কা কা কা আ আ।
কাকের ডাক শুনে পারুল এবার জোরে শব্দ করে কান্না শুরু করে দিলো।
Comments
Be this story’s first reader
+40 XPNobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.
Sign in to claimFirst reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.