প্রিয় প্রেমিকারা,
তোমাদের প্রত্যেককে পাঠালাম একটা করে লাল গোলাপ।
ভাবছো সামান্য গোলাপ? তাও মাত্র এক ?
আসলে আমি তোমাদের পাঠাতে পারতাম একেকটা আস্ত বাগান।
কিন্তু দেশের কোনো কুরিয়ারেই বাগান পাঠানোর ব্যবস্থা নেই।
তবে, চিন্তা করো না-
আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি বাগানের চেয়েও দারুণ কিছু।
সেখানে একটু একটু করে জমিয়ে রেখেছি-
হাসি, আনন্দ, রং বেরং এর স্বপ্ন, দুঃখ ভোলার সুখ,
মাতাল করা সুর আর বিরাট একটা আকাশ।
সেখানে আছে অভিমান, আছে অনুযোগ, কাঁটা বিহীন গোলাপ,
আরও যত ফুল তোমরা দেখতে চাও।
এখানে আছে মিষ্টি পাখির ডাক, স্নিগ্ধ শীতল হাওয়া,
আছে কুলকুল শব্দ করে নদীর বয়ে যাওয়া।
জমিয়ে রেখেছি সবচেয়ে সুন্দর বৃষ্টি
আর বৃষ্টির পরের ভেজা মাটির ঘ্রাণ।
সেই সবকিছুকে একসাথে আমি ডাকি কবিতা।
শর্ত প্রযোজ্য 'কবিতা'র মালিকানা নির্ধারিত হবে-
আগে এলে আগে পাবেন বন্টননীতিতে।
প্রিয় প্রেমিকারা, মনে রেখো-
আমার জমানো কবিতার সংখ্যা কেবলমাত্র এক।
তাই দেরি করো না।
যদি কবিতার মালিকানা পেতে চাও,
অতি সত্ত্বর চলে এসো চিঠির ঠিকানায়।
ইতি,
তোমাদের প্রিয় মানুষ।
ঠিকানা-
কবিতা কুটির,
ইউনিয়ন: হৃদয়নগর
জেলা : আস্ত আমি।