বুনোলতা, তোমার শহর ভালো লাগে ?
আলো ঝলমলে ঝা চকচকে শহর ?
কোনো বহুতল ভবনের বারান্দায় ঝুলে থাকতে ইচ্ছে হয় ?
হিংসে হয় ওসব বাহারি নামের বাহারি রঙের লতাদের?
যাদের নিজের ঘরে সাজিয়ে রাখে সৌখিন পাড়ার মানুষেরা?
নাকি জংলার ঐ বুনো গাছই তোমার প্রিয়?
চারিদিকে সবুজ, আবছা আলো, আবছা আঁধার,
ঝিঁঝিঁর গান, জোনাকির নাচ; ভালো লাগে?
বুনোলতা, তুমি কি নিজের মতোই থাকতে চাও?
কেমন হয়, যদি আমার বারান্দাতেই একটা নাম পেয়ে যাও?
আমার ঘরটা ছোট, ঠিক শহর নয়, জংলাও নয়।
তুমি এলে ঘরটাকেই নাহয় বন বানিয়ে নেবো।
একদিন নিরব বিকেলের ভেতর
হঠাৎ যেন তোমার নামের মতো একটা বাতাস বয়ে যাবে।
মনে হবে- কেউ যেন খুব কাছে এসে দাঁড়িয়েছে।
একটা ঘন কালো ছায়া,
ছায়ার ওপর মানুষের মতোই নরম শীতল চোখ।