Poetry

মিছিল নম্বর দুই শূন্য দুই চার

September 26, 2026

45 views

যারা বলেছিলো 'মিছিলেও প্রেম হোক,

ভেঙে যাক মোহ' তারা আসলে ঠিক বলেনি।

কেবল, কেবল এবং কেবলমাত্র, তোমার প্রেমে পড়ার জন্য-

এক জীবনে কত মিছিল করা যায়?

কত ব্যারিকেড ভাঙা যায়? কত বুলেট সহ্য করা যায়?

এক বুক বিদ্রোহ নিয়েও প্রেমে পড়িনি তোমার।

আমি প্রেমে পড়িনি, যেদিন তোমার স্লোগানে

স্লোগান ধরেছিল এক কোটি মানুষ।

সেদিনও প্রেমে পড়িনি, যেদিন-

তোমার পথ রুখে দাঁড়াতে পারেনি

রাষ্ট্রের নুন খাওয়া কোনো বাহিনী।

এমনকি,

যেদিন তোমার মুষ্টিবদ্ধ হাত-

এক হুঙ্কারে আকাশ ছুঁয়ে ফেলেছিল,

সেদিনও না।

আমি মিছিলের সেই এক কোটিতম মানুষ,

যে পেছনের দিক থেকে সবার আগে থাকে।

যার স্লোগানের স্বর হারিয়ে যায়-

শহুরে কাকের ডানার শব্দের আড়ালে।

আর হঠাৎ করে মিছিলের কিছু হলে,

আমি আসমানে তাকিয়ে- খুঁজি কেবল একটা মুষ্টিবদ্ধ হাত।

কোটি মানুষের ভিরে এমন একটা হাত,

যে হাতে রেশমি চুড়ি নেই, ঘড়ি নেই,

মেহেদী নেই, নেই কোনো অলঙ্কার।

সেদিন ছিল মিছিল নম্বর দুই শূন্য দুই চার।

যথারীতি তুমি এক, আমি এক কোটি।

স্লোগান চলছে, মিছিল এগিয়ে যাচ্ছে।

আবিষ্কৃত হলো রাষ্ট্রীয় ব্যারিকেড।

ভেঙে ফেলা হলো ব্যারিকেড।

এরপর পুলিশ, লাঠিচার্জ, টিয়ারগ্যাস,

এবং কিছু বুঝে ওঠার আগেই - ঠাস, ঠাস, ঠাস........

মিছিল ভেঙে গেলো।

এগিয়ে গিয়ে পেলাম-

রক্তভেজা রাস্তায় লুটিয়ে পড়েছে মুষ্টিবদ্ধ হাত।

হাতে কোনো চুড়ি নেই, ঘড়ি নেই, মেহেদী নেই...

আমি মাত্র সেদিন তোমার প্রেমে পড়েছি।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login