কাল গেছিনু ছবির হাটে,
হারিয়ে যাওয়া খেলার মাঠে।
মাঠ জুরে সেই ছবির মেলায়
সব ছবিরা ঝুলছে হেলায়।
একটা ছবি সকাল বেলার,
বাবার কাঁধে হচ্ছি সওয়ার;
পরের ছবি বিদ্যাপীঠে
বুনছি কত স্বপ্ন মিঠে!
এক ছবিতে দুপুর আমার
মায়ের পাশে ঘুমিয়ে যাবার;
এক ছবিতে করছে খেলা
আমার আপন বিকেলগুলা;
এক ছবিতে ফেরার তাড়া
হতচ্ছাড়া সন্ধ্যেরা;
এক ছবিতে তারার আকাশ,
মাদুর পাতা গল্প বিলাস;
আরও ছবি ছেলেবেলার
ইচ্ছে মতো ছুটে চলার।
ছবি আছে আম কুড়াবার,
বর্ষা জলে গা ভেজাবার;
ছবি আছে পিছলে পড়ে
মায়ের কাছে বকুনি খাওয়ার।
ছবি আছে শীতের ছুটির,
চুলার ধারের চিতুই পিঠার;
ছবি আছে জৈষ্ঠ মাসের
নানার বাড়ির উল্লাসের।
ছবি আছে নাটাই ঘুড়ির,
পাঠ্য বইয়ের একঘেয়েমির,
ছবি আছে ছেলে বেলার
বাঁধভাঙা সব দুষ্টুমির।
ছবির হাটের এত ছবি,
এত এত নাম,
ফিরে এলাম খালি হাতেই,
ছবির অনেক দাম।
১ ডিসেম্বর ২০২৫ || পাবনা