মেসোপটেমিয়ার প্রথম অক্ষরে তোমাকে লেখা প্রথম চিঠি
হায়ারোগ্লিফ নামে লুকিয়ে রেখেছি মিশরের পিরামিডে।
ব্যাবিলনের বাগান থেকে তুলে আনা সবচেয়ে সুন্দর গোলাপ
পরম যত্নে ভিজিয়ে রেখেছি সিন্ধুর নীলে।
মিনোয়ান থেকে মায়ান; শিল্পের প্রতিটি রেখায়
নক্ষত্রের নকশা খুঁজতে খুঁজতে পৌঁছেছি গ্রীসে,
রোমান ইটের লুকানো দর্শন আর যুদ্ধের দামামা
এক নিঃশ্বাসে পেরিয়ে ফিরে এসেছি।
সভ্যতার পথ ধরে হেঁটেছি যতদূর হাঁটা যায়,
পথের শেষে পেয়েছি তোমাকে, বুঝেছি-
তুমিই পূর্ণ, তুমিই প্রাচীন, তুমিই কেবল অন্তহীন।
২ ডিসেম্বর ২০২৫ || পাবনা