নীল জলের গন্ধ গায়ে মেখে দাঁড়িয়ে আছি ঠায়,
নাম না জানা গল্প লিখি চৌকো দেয়ালটায়।
রোজ প্রতিদিন জ্বলছে আগুন, চলছে দিনমান,
সেই তাপেতেই মিটাই সবার পেটের অভিমান।
সকাল থেকে বৃষ্টি শুরু, দুপুর হতেই বান,
বিকেল কিংবা সন্ধ্যে রাতেও চলছে অভিযান।
হঠাৎ হঠাৎ বিচার বসে হাঁড়ির আদালতে
এই করে দিন কাটছে আমার ওদের সবার সাথে।
আরও আছে গল্প হাজার, আমার দেয়াল জুড়ে,
দেখছি সেসব, শুনছি আরও, বাঁধছি সুরে সুরে।
এই তো সেদিন আসলো ওরা, ঠোঁট ডুবালো চায়ে,
গল্প কথায় হাসলো কতক, ভাসলো প্রেমের নায়ে।
চোখ পোড়ালো স্ক্রিনের আলোয়, চললো আলাপ জোড়,
শক্ত পড়াও সহজ হলো, ঘুঁচলো দুঃখের দোর।
বন্ধু হলো, মিত্র হলো, ভাগ হলো সব শোক,
ছোট-বড় ভাই-বোনেরা চিনলো আপন লোক।
ওরাও এলো সবার মতোই, করলো হুটোপাটি,
আজন্ম এক ইতিহাসে লিখলো খুঁটিনাটি।
প্রাণ জুড়ালো, দিন ফুরালো, আসলো যাওয়ার পালা,
নতুন মানুষ আসবে আবার জমবে কথামালা।
সময় স্রোতে ভাসতে থাকি, চলুক এ চক্রক্রিয়া,
যাবার বেলায় মনে রেখো—আমি ক্যাফেটেরিয়া।