আমি স্বাভাবিক আছি, সত্যি বলছি
তুমি আর ফিরলে না আজো।
তোমার পায়ের শব্দের জন্য আনমনে
অপেক্ষায় সারাক্ষন মনে হয়,
এই বুঝি তুমি ফিরলে!
রোজ রাতেই তোমাকে চিঠি লিখি।
ডাকবাক্সে ফেলি না,
তুমি এখন কেবল স্মৃতির আড়ালে
অনুপ্রবেশকারী ইতিহাস
তুমি গল্পের ছলে বলেছিলে একদিন,
ভালোবাসা এমন জিনিস, যা একা রাখা যায় না।
অথচ দেখো, আমি সেটাকে একাই রাখতে পারছি।
তোমার একটি কবিতায় লিখেছিলে,
ফিরলে কি আমায় চেনা যাবে?
নাকি পাশ কাটিয়ে হেঁটে যাবে?
এ শব্দগুলো আমার আয়নায় লিখে রেখেছি।
আয়নায় আমি আমাকে দেখি না,
বরং তোমার প্রশ্ন দুটোকেই দেখি।
কোনো অভিমান নেই,
কোন আক্ষেপ নেই,
প্রতিজ্ঞার বন্ধন নেই,
নৈরাশ্যের ঈষৎ দায় বুকে পুষেই বলছি,
আমি এখন জানি।
প্রতীক্ষায় এখন আমার আর কষ্ট হয় না৷
তোমার জন্য অপেক্ষাতেই আমি
বরং সবদিক থেকেই স্বাভাবিক থাকি।