Poetry

স্পর্শ ২৮

October 3, 2026

69 views

তুমি কি আমাদের শহরে ফিরেছ?
কাল থেকে বাতাস বদলে গেছে।
কি একটা শান্তি শান্তি লাগছে।
রোদও কেমন কোমল একটা ভাব নিয়েছে।
রোদকে গায়ে মাখতে খুব ইচ্ছে করছে।
জানালার ওপাশের গাছটায় নতুন পাতা দেখছি।
মোড়ের দোকানদার গুনগুন করে গান গাইছে।
সুখ সুখ ভাব তার চেহারায়। রাষ্ট্রপ্রধান
ভাষণ দেয়ার সময় রসিকতা করলেন আজই।
তুমি কি আমাদের শহরে এসেছ? একটা
অন্যরকম ধুকপুক হচ্ছে বুকে। তোমার
সাথে আমার প্রথম ও শেষ দেখার দিনের মতো।
ইসস, কেউ যদি আমায় বলতো, সত্যটা!
তুমি কি আমার শহরে এখন? কখন এলে?
আমি এখনো পুষে রেখেছি তোমার আলতো
ছোঁয়ার আবেশটুকু। আমাদের বিবর্ণ শহরকে
আজ জীবন্ত জীবন্ত দেখাচ্ছে। তুমি এসেছ
নিশ্চয়। তোমার মানুষটাকে আরেকবার স্পর্শ
করে যাবার সময় হবে তোমার? তোমার আরশি
ছিল যে একসময়, তুমি সবসময় বলতে!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login