বই দিয়ে আমি সমাজ, দেশ, দুনিয়া বদলানোর কথা ভাবতাম। জেদ চেপে সিরিয়াসলিই ভাবতাম। কলেজ শেষে দুনিয়া বিস্তৃত হওয়ার পর আমার ভুল ভাঙলো, মনও ভাঙলো, সাথে স্বপ্নও। দিশেহারা বোধ করলাম অনেকদিন৷ অধিকাংশ ক্ষেত্রেই বই ব্যক্তি মানুষই বদলাতে পারে না। সমাজ তো বহুদূর।
তাও এই চেষ্টা ছাড়া আর কিই বা করার আছে। বয়েস কিংবা অর্জন সবদিক থেকেই একেবারে চোখেও না পড়ার মতো ছোট মানুষ, তাও বলি, বই আমাকে বদলেছে। আমি ব্যাক্তি মানুষ অনেককেই কিছুটা হলেও বদলেছি। বিভিন্ন সময় তারা কৃতজ্ঞতাও স্বীকার করেছেন।
ব্যস্ততায় যখন ডায়েরি লেখা হতো না, তখন ভিডিও রেকর্ড করে ড্রাইভে আপলোড করে রাখতাম। সেখানকার একটা ভিডিও দেখে নস্টালজিক হয়ে গেলাম। বলছিলাম প্রয়োজনের অতিরিক্ত লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা থাকলে আমি কি করতাম, সেটা নিয়ে।
আমি একটা অভিনব পাঠাগারের স্বপ্ন দেখেছিলাম। সে সময় সামর্থ্য নিয়ে সন্দেহ ছিলো। এখন মোটামুটি নিশ্চিত, পারবো না। তারপরও স্বপ্নের কথা ভাবতে তো ভালোই লাগে। দুঃখও লাগে কিঞ্চিৎ; সত্য।