আজকে এসএসসি পরীক্ষার্থী ব্যাচের একটা ক্লাস নিয়েছিলাম। ক্লাস বলতে পড়াশোনা সংক্রান্ত কথাবার্তা আর কি।
একটা ছেলেকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছিলাম, তোমার চোখে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে কে? যেকোনো একজনকে দেখাও। সে কিছুক্ষণ ভেবে ক্লাসের শেষ বেঞ্চের একটা ছেলেকে দেখালো। এর পর সেই ছেলেকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম তোমার রোল কত? বললো, ২৬।
এরপর বোঝালাম, প্রচলিত রোলের প্রতিযোগিতার বাইরেও প্যারালাল একটা প্রতিযোগিতা আছে। দেখো, এই প্রতিযোগিতায় আজ ফার্স্টবয়কে পেছনে ফেলে রোল ২৬ প্রথম হয়ে গেলো। রোলের প্রতিযোগিতাটা স্কুল কলেজের পরেই শেষ। কিন্তু ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা জীবনভর চলবে।
তুমি হয়তো ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রগুলোর মধ্যে নাই। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হবা কিংবা পড়াশোনার সাথে থাকবা, এমনও তো না। কেউ বিজনেস করবা, কেউ পলিটিশিয়ান হবা। এমনকি সেখানেও তুমি সবচেয়ে ভালো বিজনেসম্যানটা না হইতে পারো, সবচেয়ে ভালো রাজনীতিবিদটা না হইতে পারো। কিন্তু কেবল ইচ্ছে করলেই সবচেয়ে ভালো মানুষটা তুমি হইতে পারো। সবচেয়ে ভালো সন্তান হইতে পারো, সবচেয়ে ভালো স্বামী হইতে পারো, সবচেয়ে ভালো বাবা হইতে পারো।
এরপর পড়াশোনার সামগ্রিক লক্ষ্য-উদ্দেশ্য নিয়েও কথা বললাম কিছু। আবার যারা পড়াশোনা দিয়েই কিছু করতে চায়, একটা গ্রামের স্কুলের স্ট্যুডেন্ট হিসেবে তাদের এখন কী করা উচিত, লক্ষ্য কেমন হওয়া উচিত, ছয়মাসে পড়াশোনার পদ্ধতি, পরিকল্পনা কেমন হবে -- সেইসব নিয়েও বিস্তারিত বললাম।
ভালো একটা সময় গেলো। শিক্ষকতার কাছাকাছি অভিজ্ঞতা যা কিছু হয়েছে, এখন অব্দি বেশ উপভোগ করছি।