পৃথিবীর মেঘেরা একদিন ধর্মঘট করে
সূর্যের কিরণগুলোকে আটকে দিল
ওই মেঘেদের ঠিক পৃথিবীর বলা যায় কিনা
তা নিয়ে তর্ক হতে পারে
দু'মাস আগেই তারা প্রশান্তের অশান্ত বুক থেকে
বিদ্রোহ করে হাওয়ায় ভেসে
কাতারে কাতারে উড়ে গিয়েছিলো
তারা মূলত গিয়েছিল সূর্যের প্রলোভনে
জলের জীবন তাদের ভালো লাগছিল না
ভেবেছিল নির্মল আনন্দে সারাটা জীবন
হেসে হেসে ভেসে ভেসে বেড়াবে
সাগরের নাভি মূলে চুমু খায় যে আকাশ
উচ্ছল তরঙ্গ তারে কতটুকু চেনে
জানবে কী করে অদৃষ্টের লেখা --
বহুগামী রোদের প্রত্যাখ্যান
সেই প্রতারিত মেঘের কান্নায় ইউক্রেনের মতো
আচ্ছন্ন হয়ে ভিজছে এক প্রতারিত কিশোরী
দুনিয়ার তাবৎ প্রেমিক তার কাছে ক্ষমা চায়
.
২০২৪