বহুকাল দেখা হয় না আমাদের।
আমাদের উঠোনের পূর্ব পাশে, যে কড়ই গাছটা;
সে আমায় বলেছিলো, জন্মের ভিটা ছাড়ে
যে মানুষ একবার,
সে ফেরেনা আর সেখানে এই জনমে।
মৌসুম বদলালে কড়ই গাছটা পালটে যেত।
বৃষ্টির মতো তার পাতা ঝরতো একসময়,
ফুলে ফুলে ভরে যেতো যে সময়টায়,
তখন সে আরো অপরুপ।
বহুদিন দেখা হয় না আমার সাথে,
ঐ কড়ই গাছটার!
পরবর্তী সাক্ষাৎ হয়তো হবে অন্যভূবনে।
তখনো কি আমাদের সংলাপ হবে এ ভূবনের মতো?
দেখা হলে বলবো, তুমি ভীষণ সত্য কথা বলো।
জন্মভিটার স্মৃতি সেই পূর্বজন্মে, আরেকবার আমায় জন্মভিটায় নিয়ে চলো।
Comments
-
-
probash khobor 2 weeks ago
দারুণ লিখেছেন।
-
Ayesha akter Shilpi
2 weeks ago
ভীষণ সুন্দর 💗