Poetry

কাপলেট

October 4, 2026

29 views

১. স্কেচে

মৃত এক শিল্পীর অসমাপ্ত স্কেচে—

অর্ধেক পাখিটার মুক্তি ফেঁসেছে।

২. হাওয়ার কবরে

আকাশের সন্তান পাখি হলে পরে,

জমিনের আমি যাবো হাওয়ার কবরে।

৩. বিয়োগ চিহ্ন

বিয়োগ চিহ্ন অধ্যুষিত গ্রামে,

এপিটাফ পোঁতা ডানে-বামে।

৪. নির্বান

নির্বান এসেছিলো, ফিরিয়ে ফি-বার—

বৃক্ষ হারলো রেস বুদ্ধ হওয়ার।

৫. হাসি

মানুষ মিলছে মানুষের সাথে হাসবার তৃষ্ণায়,

ঠোঁট বিচ্ছেদে জড়িয়ে পড়ছে হাসির ঘটনায়।

৬. জলপরী

‘জলপরী’ জপ শুনে মানুষের মুখে,

বউটাকে বর-মাছ রাখে চোখে চোখে।

৭. তারা

আকাশ দেখি, রাতের আকাশ মনখারাপের পাড়া,

অদৃষ্টতে না পৌঁছানো প্রার্থনা সব তারা।

৮. খুশি

করতে পারেনি আঁচ খামারির খুশি,

মড়কও হয়েছে তার হাঁসের বয়সী।

৯. দুধ-মা

মৌমাছি মরে গেছে—খবর এনেছে পাতা,

পাপড়িতে চোখ মোছে মাছির দুধমাতা।

১০. মীন

মাছের আকাশ জলের পৃষ্ঠ, সেই আকাশে—

তাকিয়ে থাকে মা মরা মীন মা’র তালাশে।

১১. জাদুবাস্তবে

জাদুবাস্তবে গিয়ে সেইদিন দেখে আসলাম—

বৃষ্টির জমা জলে পা উল্টে পড়ে আছে গ্রাম।

১২. উল্লাস

পরাধীনতায় করে চলে উল্লাস,

বাঁশির ভেতর নির্যাতিত বাতাস।

১৩. ক্যামেরার দিকে

তাকিয়ে থেকো না আর ক্যামেরার দিকে–

বলেছি স্বর্গগত তার ছবিটিকে।

১৪. মন

ক্র্যাচে ভর দিয়ে হাঁটো মন,

ভেঙেছ যখন।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Rizvi Abdullah 2 hours ago

    দারুণ কিছু কাপলেট পড়লাম

  • Habib Rahman 3 hours ago

    পরাধীনতায় করে চলে উল্লাস, বাঁশির ভেতর নির্যাতিত বাতাস। = এইটা অসাধারণ।

  • দারুণ লিখেছেন।

    • Farhad Meghnad 6 hours ago

      অনেক ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন।

  • R Masud 11 hours ago

    দারুণ লিখেছেন।

    • Farhad Meghnad 6 hours ago

      কৃতজ্ঞতা। ভালো থাকবেন।