সেদিন খুব উত্তেজিত ছিলাম দেশ নিয়ে
এটা ঠিক হচ্ছেনা, ওটা ঠিক হচ্ছেনা
এর কথা ওর কথা বলছিলাম।
হঠাৎ তুমি আমার মুখের কথা কেড়ে নিয়ে বললে
"এই শোনো না!"
আমি বললাম কি?
তুমি বললে- কিছু না...এমনি
আমি তোমায় রবিঠাকুরের ক্যামেলিয়া কবিতা শুনাচ্ছিলাম
তুমি মুগ্ধ হয়ে শুনছিলে।
দেখতে পাচ্ছিলাম তোমার ঠোঁট তিরতির করে কাঁপছে
কানের পাশে চুল গুঁজে ভাঁজ করা হাঁটুতে মুখ রেখে
অপলক তাকিয়ে ছিলে।
যখন ই সাঁওতাল মেয়েটিকে ডাকার সেই লাইনটি পড়ছিলাম
তুমি আমার কথা কেড়ে নিয়ে বললে-
"এই শোনো না!"
আমি বললাম কি?
তুমি বললে- কিছু না...এমনি
মনে আছে সেদিন রিক্সায় কেমন নৌকার মতো দুলছিলাম
একহাতে তোমার কোমর জড়িয়ে আছি।
অন্য হাতে তোমার হাত
তুমিও ঢেউয়ের মতো আমার বুকে দুলে দুলে আসছিলে।
এমন ঘটা করে বৃষ্টিতে এর আগে আমরা রিক্সায় চড়িনি
রিক্সাওয়ালাকে ডান পাশের গলিতে ঢুকার জন্য বলবো,
ঠিক তখন তুমি আমার কথা কেড়ে নিয়ে বললে-
"এই শোনো না!"
আমি বললাম কি?
তুমি বললে- কিছু না...এমনি
ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলাম
তোমায় শত মানা করার পরেও তুমি ট্রেন স্টেশনে এলে।
আমার কষ্টটা তুমি বুঝ না অনন্যা
আমায় বিদায় দিয়ে তুমি একা একা মুখে আঁধার নামিয়ে বাড়ি ফিরবে,
এইটুকু কষ্ট যে আমার সহ্য হয় না।
তবুও তুমি এলে
স্টেশন প্ল্যাটফ্রমে ঠেলাঠেলি ভিড়- একেবারে যাচ্ছে তাই।
যেই মুহূর্তে আমার ট্রেন আসার খবর মাইকে এলাউন্স হলো
আমি লাগেজ হাতে নিতেই তুমি বললে-
"এই শোনো না!"
আমি বললাম কি?
তুমি বললে- কিছু না...এমনি
দীর্ঘ নয়টা দিন পরে আবার যখন তোমায় দেখলাম
মনে হলো যেন আবার এই বুকে প্রাণ ফিরে এসেছে।
আমার এলোমেলো ব্যাচেলর ঘরটা কি দ্রুতই না তুমি গুছিয়ে দিলে
আমি গেছিলাম বাইরে- খাবার আনতে।
তুমি ততক্ষনে পুরো ঘর পরিপাটি করে গুছিয়ে হাত মুখ ধুয়ে বসে আছো
এ তোমার এক পুরোনো অভ্যাস,
কখনই মুখ মুছোনা- তোমায় এইভাবে দেখতে যে কি ভালো লাগে অনন্যা।
কপালে কিছু চুল ভিজে লেপ্টে থাকে- চিবুকে দুই এক ফোটা জল
আমি মুগ্ধ হয়ে দেখছিলাম তোমায়।
তুমি উঠে এসে খাবারের প্যাকেট নিয়ে চলে গেলে রান্না ঘরে
ফিরে এসে তুমি খাটের পাশে দাঁড়ালে
বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হলো।
আমি জানালা বন্ধ করতে যেতেই আমার হাতটা ধরে বললে-
"এই শোনো না!"
আমার হঠাৎ কি হলো জানিনা
আমি তোমায় জড়িয়ে ধরে তোমার ঠোঁটে মাতাল চুমু দিয়ে,
তোমায় পুরো পাগলিনী বানিয়ে তোমার ঠোঁটের কাছে ঠোঁট রেখেই বললাম-
কি?
তুমি আমার বুকের কাছে শার্ট খামচি দিয়ে ধরে খুব আলতো করে বললে-
এই তো এটাই...