- মেঘের উপরে মেঘ।
- তার উপর কি বাবা?
- তার উপর আরো মেঘ।
- তার উপর?
- তার উপর স্বর্গ।
- বাবা মা কি ওইখানেই থাকে?
- হ্যাঁ মামনি, ওইখান থেকে তোমার মা সব সময় তোমাকে দেখছে।
- মা কি ওখানে আমার জন্য খুব কান্না করে বাবা?
- না মামনি একদম কান্না করে না। কেন বলতো?
- তাহলে বৃষ্টি পড়ে কেন। মা তো মেঘের উপরে থাকে। কান্না করে বলেই তো মেঘ
গুলো বৃষ্টি হয়ে যায়, না বাবা?
- কান্না না মামনি। বৃষ্টি হয়ে মা তোমাকে একটু ছুঁয়ে দেয়। তোমাকে আদর করে দেয়।
- কিন্তু বৃষ্টিতে ভিজলে তো আমার সর্দি হয়।
- এই জন্যই তো আমি আছিরে সোনা। যেন তোমাকে বুকের উত্তাপে আগলে রাখতে পারি।
- তোমার বুকে মাথা রাখলে মেঘের শব্দ পাই বাবা।
- তাই। এখনো পাচ্ছ?
- হ্যাঁ.....। তুমি যখন নিঃশ্বাস নাও মেঘের মতো ডাকে তোমার বুক।
- আমার বুকেও যে মেঘ আছে মামনি।
- মেঘের উপর?
- মেঘের উপর মেঘ, তার উপর আরো মেঘ।
- তার উপর কি বাবা?
- তার উপর আরো মেঘ।
- তার উপর?
- তার উপর স্বর্গ।
- বাবা মা কি ওইখানেও থাকে!
- হ্যাঁ মামনি। ওখান থেকেই তোমার মা সব সময় তোমাকে দেখছে।
- সব সময় দেখছে। এখনো?
- হ্যাঁ।
- বাবা মা কি তাহলে তোমার বুকেই থাকে?
- হ্যাঁ রে সোনা।
- তোমার বুক থেকে আমাকে কি করে ছোঁয় বাবা?
- এই যে আমি নিঃশ্বাস ফেলি। সেই নিঃশ্বাসে তোমার মা মিশে আছে রে লক্ষ্মী। আমার নিঃশ্বাস তোমার গালে পড়ছে না সোনা?
- হ্যাঁ বাবা। আচ্ছা বাবা?
- কী?
- মা তোমাকে ছোঁয় না?
- ছোঁয় তো।
- কি করে?
- তোমার বুকেওতো তোমার মা আছে। তোমার নিঃশ্বাস এই যে আমার বুকে পড়ছে। তোমার মা ও আমাকে ছুঁয়ে দিচ্ছে সোনা।
আমাকে ছুঁয়ে দাও মা || শাকিল রনি