মা সেই সাত সকালে ঘুম থেকে উঠেই মেঘ গুলোকে কাপড় ধোয়া পাউডার দিয়ে গুলিয়ে রেখেছে। দুপুরের আগে মেঘ গুলোকে কেঁচে ভালো করে ধুয়ে ছোট মেয়েকে ডাক দিয়ে বলল, "যাতো মা, মেঘ গুলোকে টানটান করে ছাদে শুকিয়ে দিয়ে আয়।"
মেয়েটা ছাদে গিয়ে দেখে চারিদিকে রূপালি রোদ্দুর। আকাশে এক ফালি মেঘও নেই। মা সব মেঘ কোটা দিয়ে ধরে ধরে নামিয়ে ধুয়ে দিয়েছে। ভোরের দিকে আকাশ কালো করে মেঘ এসেছিলো। সেই কালো মেঘের দলকে ইচ্ছা মতো ধুয়ে সাদা বানিয়ে দিয়েছে মা। মেঘ গুলোকে কাপড়ের ক্লিপ দিয়ে ছাদের দড়িতে টাঙ্গিয়ে দিলো মেয়েটা। সাদা পেঁজা তুলোর মতো মেঘ ছাদে দোল খাচ্ছে। দুপুরের রোদে একটানে শুকিয়ে যাবে।
ঘরে ফিরে দেখে মা গতকালের ধুয়ে শুকিয়ে যাওয়া মেঘ গুলোকে ইস্ত্রি করছেন।
"মা এই মেঘ গুলোকে ইস্ত্রি করছো কেন?"
"এখন তো বর্ষা শেষ মামনী। তাও হতচ্ছাড়া মেঘ গুলো চলে আসে। এই মেঘ গুলোকে ভালো করে ধুয়ে ড্রয়ারে রেখে দিবো। তোর বড় ভাই শরৎ এলেই আবার আকাশে উড়িয়ে দেবো।"
"বর্ষায় কেন মেঘ ধরো না?"
"বর্ষায় যে তোর বাবা আকাশে মেঘের চাষ করে। সেই মেঘ যদি ধরে রাখি তাহলে তো কৃষকেরা কষ্ট পাবে।"
"ওহ! ছোট ভাইয়া কি আর কখনো নানী বাড়ি থেকে ফিরবে না মা?"
মায়ের চোখ ছলছল করে। মেয়েটা এখনো জানেনা তার ছোট ভাই হেমন্ত আর কখনোই ফিরবে না। মেয়েটাকে বলেছে ওর ভাই নানী বাড়ি বেড়াতে গেছে। নানী বাড়ি যে এখান থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে।
সন্ধ্যায় মা কিছু মেঘকে কানে ধরে পড়তে বসালো। এই মেঘ গুলো বর্ষার মেঘ। এখন থেকে ভালো করে না পড়ালে বর্ষায় বৃষ্টি হয়ে পড়বে কি করে।
"এই সবাই আমার সাথে জোরে জোরে বল। এই ছড়া বলার সাথে সাথে তোরা ঝমঝমিয়ে আকাশ থেকে ঝরে পড়বি ঠিক আছে? সবাই বল-
আয় বৃষ্টি ঝেঁপে
ধান দিবো মেপে..."
মেঘ গুলো সব গলা মিলাচ্ছে এক সাথে। পিছনে এক দুষ্টু বাচ্চা মেঘ ফিসফিস করে বলল, "আসিস না বৃষ্টি ঝেঁপে/ ঠ্যাঙ দিবে ভেঙ্গে..."
ঠ্যাঙ দিবে ভেঙ্গে || শাকিল রনি
১২০৮১৮
#শাকিল_রনির_পোস্ট_সমগ্র