'মোরা একটি ফুলকে
বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের
হাসির জন্য অস্ত্র ধরি…'
মাইকে বাজছিলো দেশাত্মবোধক গান। টং দোকানে বসে চা সিগারেটের শ্রাদ্ধ করছিলাম। একটু পাশে কিছু পথশিশু বসে কথা বলছিলো। কে আজ কত টাকা কামিয়েছে। আজ ১৬ ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। এক বাচ্চা মেয়ে বলল, 'ঐ গানে কোন ফুল বাচানির কথা কয়। গেন্দা ফুল নাকি গুলাপ ফুল?''
মেয়েটার কথায় মেয়েটা সহ সবাই হেসে দেয়। ডানপিটে এক ছেলে বলল, 'কাইলকা তো ইশকুলে আসোস নাই। মাস্টার ভাইয়া কাইলকা আমাগোরে কইছিলো এই গানের গপ্প। এই ফুল হইলো এই আমাগো বাংলাদেশ। অনেক আগে যুদ্ধ হইছিলো। ইয়া ডিসকাও ডিসকাও যুদ্ধ। আমাগো দেশরে বাচানির জন্য এই গান গাইছে।' আরেক ছেলে প্রশ্ন করলো, 'হ তোরে মাস্টার ভাইয়া কইছে ইয়া ডিসকাও ডিসকাও যুদ্ধ হইছে।' আবার সবার হাসি।
আমি জিগ্যেস করলাম, 'তোমরা কোন স্কুলে পড়ো?' ডানপিটে ছেলেটা বলল, 'খাওন দাওনের ইশকুলে।' বলে সে কি হাসি। নিজের কথায় নিজেই মজা পাচ্ছে। আমিও মজা পেলাম। জানতে চাইলাম, 'কেমন সেটা?' ছেলেটা বলল, 'ইনভারটিটির কয়েকটা ভাইয়া আফায় আমাগো রাস্তার পাশে পড়ায়। আর পড়ানির পরে খাওন দেয়। এই জন্য আমরা নাম দিছি খাওন দাওনের ইশকুল।'
দুরন্তপনায় একেবারে চুড়ান্ত বাচ্চা গুলো। বুঝলাম পথ শিশুদের যেই স্কুল গুলো আছে তেমন কোনো স্কুলে ওরাও পড়ে। ভাগ্যহীন শিশু ওরা। পৃথিবী বুঝার আগেই গলা ধাক্কা দিয়ে ভাগ্য ওদের পৃথিবীর বুকে নামিয়ে দিয়েছে। ওরা এখন প্রকৃতির সন্তান। কিছু ভালো মানুষ ওদের পড়ালেখা করাবার দায়িত্ব নিয়েছে। ওদের খাবার খাওয়ায়। ঐ ভালো মানুষ গুলো আছে বলেই হয়তো এখনো পৃথিবীটা টিকে আছে। নইলে আমি আপনি কিইবা করছি এই দেশের জন্য শুধুমাত্র দেশকে গালি দেওয়া ছাড়া। কিন্তু যারা কাজ করার তারা ঠিকই কাজ করে যাচ্ছেন।
জানতে চাইলাম, 'তোমাদের মাস্টার ভাইয়া এই গান নিয়ে আর কি বলেছেন?' ডানপিটে ছেলেটা বলল, 'আর কইছে। এই দেশ তো স্বাধীন হইছে। ফুলটা আমরা বাচাইতে পারছি। এখন এই ফুল যেন বাইচ্চা থাকে ঠিক মতো এই জন্য আমাগো এই ফুলের যত্ন নিতে হইবো। নাইলে ফুলটা নষ্ট হইয়া যাইবো।' জানতে চাইলাম, 'কিভাবে যত্ন নিতে বলেছে?' ছেলেটা আমার একটু কাছে এসে বসে বলল, 'এইডা একটা মেলা বড় মিশন। আপনে বুঝতেন না।' বললাম, 'ওহ বাব্বাহ অনেক বড় মিশন। মিশন কাকে বলে জানো তোমরা?' ছেলেটা বলল, 'হ জানি তো। না জানলে কি এতো ফটফটাই। আমাগো মাস্টার ভাইয়া এই মিশনের নাম দিছে পুরা বাংলাদেশ না একটু বাংলাদেশ। পুরা বাংলাদেশ তো আর এক লগে ঠিক করা যাইবো না। একটু একটু কইরা ঠিক করতে হইবো। আমরা যারা আগে নেশার জিনিস বেচতাম তারা ঐ কাম ছাইড়া দিছি। আগে ড্যান্ডি খাইতাম ঐডা খাওন ছাইড়া দিছি।'
শুনে খুব চমক লাগলো আমার। এই সুবিধাবঞ্চিত বাচ্চা গুলো। যাদের আমাদের দেশ কোনো দায়িত্ব নেয়নি অথচ তারাই এই দেশ নিয়ে ভাবছে। তাদের সেই ভাইয়া আপুরা ওদের দিয়ে ভাবাচ্ছে। শুধু ভাবাচ্ছে না কাজও করাচ্ছে। সেই মানুষ গুলোর জন্য আপনাতেই বুকের মধ্যে শ্রদ্ধা জেগে উঠলো। বুকের মধ্যে কে যেন বলে উঠলো- পথ হারাবে না বাংলাদেশ। এই অস্থির সময়েও কিছু মানুষ শুধু দেশের ভালোর জন্য কাজ করে যাচ্ছেন। বিনিময়ে তারা কিছুই চাইছে না। বাচ্চা গুলোর কি অসম্ভব দৃঢ়তা। কত স্পষ্ট ওদের কাছে ওদের কি করতে হবে। আমরা তো জানিই না কি করা উচিৎ আমাদের।
জানতে চাইলাম, 'আর কি কি করো তোমরা?' ডানপিটে ছেলেটা বলল, 'রাস্তায় যেইখানে ময়লা দেখি ময়লা নিয়া ডাসবিনে ফালাই। মাস্টার আফায় কইছে এই দেশ আমাগো মা। মায়ের শইলে ময়লা থাকলে কি ভালা লাগে? মায়েরে তো সরমান করতে হয়। আমাগো তো মা নাই। এই রাস্তাই আমাগো মা। ঐই গাছ তলাই আমাগো মা। এই পুরা দেশ আমাগো মা।' ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিলাম। বললাম, 'এই কথা কে শিখিয়েছে তোমাদের?' বলল, 'কইলাম না আফায় কইছে। উনি আমাগো আর কত কত কি শিখাইছে। সব কওন যাইবো না। আপনে বুঝতেন না। আমাগোরে মেলা বড় মিশন দিছে। একটা ফুলের মতোন দেশ স্বাধীন হইছে। আপনেরা সেই ফুলের গন্ধ নেন। আর আমরা ফুলের পাপড়ি যেন ঝইরা না যায় সেই জন্য কাম করি। অনেক বড় মিশন। আপনে বুঝতেন না।'
আমি আর বুঝতেও চাই না। সকালের সূর্য দেখে বুঝা যায় সারাদিন কেমন যাবে। আমার সামনে কয়েকটা জলজ্যান্ত সূর্য বসে আছে। সকালের আলো ফুটে সবে উদিত হচ্ছে। এই সূর্য গুলো অনেক দূর যাবে। মন থেকে দোয়া করি যেন অনেক দূর যায়। বাচ্চা গুলো উঠে চলে গেলো। ওদের জিগ্যেস করার খুব ইচ্ছে ছিল- ওরা এর বিনিময়ে কি পাবে? কিন্তু জিগ্যেস করাটা ঠিক হবে না বলে আর করিনি। যেই দেশ ওদের কিছুই দেয়নি। সেই দেশ নিয়ে ওরা যে ভাবে। ওদের আর কিসের-ই বা প্রতিদান দেওয়া যায়? ওদের কাছে সব প্রতিদানই তুচ্ছ। ওরা এসব আশাই করে না। ওরা এই সমাজের নিচে অন্ধকার। সেই অন্ধকার আস্তে আস্তে আলোকিত হচ্ছে। কিছু মানুষ আলোকিত করছে। শ্রদ্ধা সবার জন্যই।
মাইকে গান বাজছে-
'যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ মুক্তি সেনা
দে না তোরা দে না
সে মাটি আমার অঙ্গে মাখিয়া দে না…'
আমাদের চাইতে হয় মাটিটা যেন আমাদের অঙ্গে মাখিয়ে দেয় কেউ। অথচ মা বাবা হীন বাচ্চা গুলো জন্মের পর এই মাটিতে অঙ্গ মাখিয়ে মাখিয়েই বড় হয়েছে। অন্ধকারে আলোর ফুল ওরা। গানটা শুনতে শুনতে টং দোকান থেকে রাস্তার দিকে হাঁটতে থাকলাম। দিনটা যেন হঠাৎ করেই অনেক সুন্দর হয়ে গেলো। জাদুর কাঠির পরশে যেন আমিও এক জাদুতে বন্দি হয়ে গেলাম। পথশিশুদের কথার জাদুতে। এই জাদুতে আছে মুগ্ধতা। আছে দেশকে ভালবাসার এক আশ্চর্য মন্ত্র।
উৎসর্গঃ পথশিশুদের পড়লেখা করাবার মহান দায়িত্বে থাকা সকল ভাইবোন'কে।
অন্ধকারে আলোর ফুল || শাকিল রনি
১৪১২১৯
#শাকিল_রনির_পোস্ট_সমগ্র