Story

পাহারাদার

November 27, 2026

2 views

ঘুটঘুটে অন্ধকার গলি। রাত মাত্র সাড়ে ১০ টা। কিন্তু একেবারেই নির্জন রাস্তাঘাট। বৃষ্টিতে রাস্তার নিচু অংশে পানি জমে আছে। এখনো টুপটাপ বৃষ্টি ঝরছে। গলির মুখে টং দোকানে বুড়ো দোকানদার ছাড়া আর কেউ নেই। সব মানুষকি আজ একসাথেই ঘরে ফিরে গেল। চৈতীর এক হাতে ছাতা অন্যহাতে মোবাইল ফোন ধরে আছে। একটু পর পর কাঁধের ব্যাগটা সামলে নিচ্ছে।

ধিরে ধিরে হেঁটে টং দোকান পার করার সময় বুড়ো দোকানদারের চোখে চোখ পরতেই কেমন যেন একটা গা ছমছমানি মুচকি হাসি দিলো বুড়ো। চৈতীর বুক ধড়ফড় করে উঠলো। হাতের মোবাইলে টর্চ জ্বালিয়ে বাম পাশের ফারুক মেম্বারের গলিতে ঢুকে গেল। লোডশেডিং এ পুরো অন্ধকার হয়ে আছে। এই গলিতে কেউ যেন আলকাতরা গুলে দিয়েছে অনেক গভীর করে। ছাতায় বৃষ্টির টিপটিপ শব্দ। চৈতীর পা ভয়ে এগোতে চাইছেনা সামনে। ওর বাসা আরো ৫ মিনিটের রাস্তা। আজ একটা রিক্সাও পেলো না। বারবার মনে হচ্ছে কেউ যেন ওর পিছনে পিছনে হাঁটছে। কিন্তু পিছন ফিরে তাকাতে ভয় পাচ্ছে। বাসায় ওর ১১ বছরের মেয়েটা ছাড়া আর কেউ নেই। মেয়েটার ফোনও গতকাল থেকে নষ্ট। মেয়েটা ঘুমিয়ে গেছে নাকি ভয় পাচ্ছে কিছুই জানে না।

ডিভোর্সের পরে মেয়েকে নিয়ে একাই থাকে চৈতী। আজ অফিসের অডিট ছিল। সব সময় সন্ধ্যের আগেই বাসায় ফিরে। কিন্তু আজ কাজের এতো চাপ ছিল যে দুনিয়ার কোনকিছু ভাবার সময় ছিল না। অফিসের সবাই আজ কলুর বলদের মতো খেটেছে। চৈতীর খুব চিন্তা হচ্ছে মেয়েকে নিয়ে। একে তো বৃষ্টির রাত। তার উপরে লোডশেডিং। মেয়ে ভয় পাচ্ছে নাতো। রাস্তা এদিকে একটু নিচু। পানি জমে আছে। শাড়িটা সামলে হাঁটতে সমস্যা হচ্ছে।

এই রাস্তাটা এতো দীর্ঘ এর আগে কখনোই লাগে নাই চৈতীর। আর তিনটা বাড়ি পরেই মুকুল ভিলা। ঐ বাড়ির দোতলায় দুই দিন আগে এক মেয়ে আত্মহত্যা করেছে। সেদিন থেকেই যতোবার চৈতী রাস্তা দিয়ে হেঁটে যায় ঐ বাড়ির দোতলায় চোখ চলে যায়। যেই মেয়েটা আত্মহত্যা করেছে সেই মেয়েটা প্রায় সময় বারান্দায় দাঁড়িয়ে থাকতো। বেশিরভাগ সময় হাতে থাকতো একটা বই। মিষ্টি চেহারার মেয়েটিকে দেখে ভাল লাগতো চৈতীর। ওর নিজের মেয়ের সাথে চেহারায় সামান্য মিল আছে। আবার দুজনেরই ঠিক একই জায়গায় চিবুকে তিল। ওর খুব জানতে ইচ্ছে করে কি হয়েছিলো এমন। যার কারণে এতো মিষ্টি মেয়েটি এভাবে চলে গেল। কি এমন অভিমান ছিল মেয়েটির বুকে। কি এমন চাপা ক্ষোভ।

হঠাৎ করে পাশ দিয়ে একটা কুকুর যেতেই ভয়ে শিউরে উঠলো চৈতী। কুচকুচে কালো কুকুরটা। মুকুল ভিলার সামনে গিয়ে ঘেউ ঘেউ করছে। চৈতীর বুক ধড়ফড় করছে। পা টলছে। সামনে এগোতে ভয় পাচ্ছে। কুকুরটা আরো জোরে ডাকা শুরু করেছে। যেন কাকে উদ্দেশ্য করে ডাকছে। কেউ সামনে আসতে চাইছে আর কুকুরটা বাঁধা দিতে চাইছে। হালকা আলোয় কুকুরের এমন আচরণ দেখে চৈতীর মনে হচ্ছে ও মাথা ঘুরিয়ে পরে যাবে। মুকুল ভিলার দোতলায় আড়চোখে তাকালো। না কেউ দাঁড়িয়ে নেই। আস্তে আস্তে করে সামনে এগোচ্ছে। বৃষ্টির তেজ হঠাৎ করে বেড়ে গেল। চৈতী যখন মুকুল ভিলার নিচে দিয়ে যাচ্ছিলো কুকুরটা তখন চৈতীর দিকে একবার তাকিয়ে উলটা দিকে ফিরেই ভোঁ দৌড়। চৈতী তাড়াতাড়ি করে পানির মধ্যেই পা চালালো।

চৈতী জানে নিম্নস্তরের প্রাণীরা অনেক কিছুই টের পায়। ও শুনেছে, যেইখানে আত্মহত্যা করা হয় সেখানে নাকি সেই মানুষটার আত্মা ঘোরাফেরা করে। এটা ভাবতেই চৈতীর পিঠ বেয়ে একটা শিরশিরে অনুভূতি হলো। ব্যাটারি লো দেখাচ্ছে। ১৫ পার্সেন্ট চার্জ আছে আর। আর কয়েকটা বাড়ি পরেই চৈতীর বাসা। এমন সময় চৈতীর মনে হলো কেউ যেন ওর পিছু পিছু আসছে। পানিতে পায়ের স্পষ্ট শব্দ পাচ্ছে। হ্যাঁ, সত্যি সত্যিই আসছে। রাস্তায় টর্চের আলো দেখতে পেলো। ওর নিজের ছায়াও দেখতে পেলো। পায়ের শব্দটা একেবারে কাছাকাছি চলে এসেছে। ওর হাত কাঁপছে। যেকোন সময় হাত থেকে মোবাইলটা পরে যেতে পারে। তাও সাহস করে ঘাড় ফিরিয়ে দেখলো যে, সেই বুড়ো টং দোকানদার। চৈতীর পাশ দিয়ে যাওয়ার সময় আবারো মুচকি হাসি দিলো। চৈতী এক মুহূর্তের জন্য একটু থামলো। বুড়োর পিছনে পিছনে যেতেই যেন বেশি ভয় করছে এখন।

কালো কুকুরটা আবার ফিরে এলো। সে এখন বুড়ো দোকানদার আর চৈতীর মাঝখানে হাটছে। চৈতী ভেবে পাচ্ছেনা বুড়োটা এতো তাড়াতাড়ি কি করে দোকান বন্ধ করে এলো। আর তখনই আসল ব্যাপারটা ধরতে পেরে দম বন্ধ হবার যোগার হলো। এতোটা বেখেয়ালি তো চৈতী কখনোই ছিল না। গলির ওখানটায় তো কখনোই কোন টং দোকান ছিল না। আজ সকালে অফিসে যাওয়ার আগেও তো দেখে নাই। বুড়োটা হাঁটছে। চৈতীর পৃথিবীটা যেন দুলছে। এই বুড়োর পিছনে পিছনে হাঁটতে বুক ধড়ফড় করছে। ওর বাসাটা দেখা যাচ্ছে। আর দুই বিল্ডিং পরেই। তখনই হঠাৎ করে কারেন্ট এলো। রাস্তার ল্যাম্পপোস্ট, বাড়ির সামনের বাতি জ্বলে উঠলো। একটু চোখে লাগতেই চোখ বন্ধ করে চোখ খুলে তাকাতেই দেখে সামনে কেউ নেই। না সেই কুকুরটা আছে। না বুড়োটা আছে।

চৈতী জানে না সে কি করে বাসার নিচে এসে পৌঁছাল। বাসার নিচে আসতেই দারোয়ান বলল, আপা আরেকটু দেরি করে আসলেই দেখতেন গেইট বন্ধ। চৈতী শুধু মাথাটা একটু নাড়িয়ে কোন রকমে সিঁড়িতে উঠতে লাগলো। ওর বাসা তিন তলায়। বুকের ভিতরে হৃৎপিণ্ডটা হাতুড়ি বাজাচ্ছে। বারবার শুধু মেয়ের কথাই মনে হচ্ছে। যে করেই হোক মেয়ের কাছে ফিরতে হবে। দোতলায় উঠতেই মেয়ের কণ্ঠ শুনলো, বাই আন্টি। আবার আসবেন কিন্তু। বলেই মেয়ে দরজা বন্ধ করে দিলো। যাক বাঁচা গেল, উপরতলার ভাবী এসেই তাহলে মেয়েকে সঙ্গ দিয়েছে। মাথায় আর কিছুই কাজ করছে না। শিরশির করছে সারা শরীর। হঠাৎ চৈতীর মনে হল ঠান্ডা বাতাস যেন ওর গা ছুঁয়ে গেল। এক সেকেন্ডের জন্য মিষ্টি একটা গন্ধ এলো নাকে।

কলিংবেল বাজাতেই মেয়ে দরজা খুলে দিলো। মেয়ে হাসি হাসি মুখে দরজা খুলে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই যেন সব ক্লান্তি ফিকে হয়ে গেল চৈতীর। এই হাসির জন্য পৃথিবীর সব কষ্ট করতে রাজি সে। ঘরে ঢুকে মেয়েকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেল।

মামনী ভয় পাও নাই তো একা একা?

না আম্মু আন্টি ছিল তো।

আচ্ছা।

এরপরে তাড়াতাড়ি আগে বাথরুমে গিয়ে পা ধূয়ে এলো। শাড়িতে যেখানে কাদা উঠেছে ঝেড়ে নিলো।

তোমার আন্টি কখন আসছে?

সেই সন্ধ্যায় এসছে।

এতোক্ষণ তোমার সাথে ছিল!

হ্যাঁ আম্মু। জানো এই আন্টিটা কতো ভাল। অনেক গল্প শুনিয়েছে আমাকে।

চৈতী তখন বিছানায় হেলান দিয়ে বসছিল। খুবই ক্লান্ত হয়ে আছে সারা শরীর। কিন্তু মেয়ের কথায় চমকে উঠলো।

এই আন্টি মানে।

নতুন আন্টি।

আমাদের উপর তলার ভাবী না?

না আম্মু। কেন তুমি দেখো নাই। তুমি আসার এক মিনিট আগেই তো উনি চলে গেলেন। তোমার সাথে তো সিঁড়িতে দেখা হওয়ার কথা।

উনি কোন ফ্ল্যাটে থাকে। দেখতে কেমন?

এই আন্টি না দেখতে একটু আমার মতোন। এই দেখো আম্মু, আন্টিটার না আমার মতো ঠিক এইখানেও একটা তিল আছে।

চৈতীর চারপাশ প্রচণ্ডভাবে দুলে উঠলো। জ্ঞান হারানোর আগে মুকুর ভিলার সেই মিষ্টি মেয়েটার চেহারাটা মনের পর্দায় ভেসে উঠেই আবার মিলিয়ে গেল।

পাহারাদার || শাকিল রনি

২৭১০১৬

#শাকিল_রনির_পোস্ট_সমগ্র

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login