ফ্রাঙ্কফুর্ট বইমেলার ল্যাটিন আমেরিকা মঞ্চে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশি লেখক অনুবাদক আনিসুজ জামান। এই মঞ্চে ১০ অক্টোবর সন্ধ্যা ৭.৩০ মিনিটে আনিসুজ জামানের সঙ্গে আলোচনায় অংশ নেবেন ক্লডিয়া ক্যাবরেরা, লুতজ ক্লিচে এবং মাইকেল কেগলার।
১৯৭৬ সালে ফ্রাঙ্কফুর্ট বইমেলার প্রথম অফিসিয়াল ফোকাস বা ‘গেস্ট অব অনার’ হিসেবে ল্যাটিন আমেরিকাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই ঐতিহাসিক ঘটনার ৫০ বছর পূর্তিতে এবার ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ‘ল্যাটিন আমেরিকা মঞ্চ’ চালু করা হচ্ছে। এই মঞ্চে সাহিত্য, অনুবাদ ও প্রকাশনাকে কেন্দ্র করে একাধিক আলোচনা ও অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আনিসুজ জামান দীর্ঘদিন ধরে স্প্যানিশ ভাষা থেকে সরাসরি বাংলায় সাহিত্য অনুবাদ করে আসছেন। তাঁর অনুবাদের মধ্যে রয়েছে গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ‘নিঃসঙ্গতার একশ বছর’, হুয়ান রুলফোর ‘পেদ্রো পারামো’, হুয়ান কার্লোস ওনেত্তির ‘এল পোসো’, আদোলফো বিওয় কাসারেসের ‘লা ইনভেনসিওন দে মোরেল’ এবং মারিও ভার্গাস য়োসার ‘এলোহিও দে লা মাদ্রাস্ত্রা’। পাশাপাশি তিনি বাংলা সাহিত্যও স্প্যানিশে অনুবাদ করেছেন। দুই ভাষার সাহিত্য ও পাঠকদের মধ্যে সংযোগ গড়ে তোলার অভিজ্ঞতা নিয়েই তিনি আলোচনায় অংশ নেবেন।
ক্লডিয়া ক্যাবরেরা মেক্সিকোর সাহিত্য অনুবাদক; তিনি জার্মান ভাষা থেকে স্প্যানিশে অনুবাদ করেন। তাঁর অনূদিত লেখকদের মধ্যে রয়েছেন ফ্রানৎস কাফকা, আনা সেগার্স ও হাইনার মুলার। লুতজ ক্লিচে জার্মানির সাহিত্য অনুবাদক ও প্রকাশনা পরামর্শক। মাইকেল কেগলার পর্তুগিজ ভাষার সাহিত্য জার্মানে অনুবাদ করেন; তাঁর অনূদিত লেখকদের মধ্যে রয়েছেন ব্রাজিলের লুইজ রুফাতো।
ফিকশন ফ্যাক্টরিকে আনিসুজ জামান বলেন, 'এই আলোচনায় ল্যাটিন আমেরিকার সাহিত্য বিভিন্ন ভাষা ও সংস্কৃতির পাঠকের কাছে এই সাহিত্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনুবাদকের ভূমিকা তুলে ধরা হবে।'
তিনি আরও বলেন, 'ভিন্ন দেশের পাঠকেরা এই অঞ্চলের সাহিত্যকে কীভাবে গ্রহণ করেন এবং এর ইতিহাস, সমাজ ও মানুষের অভিজ্ঞতা কেন ভৌগোলিক সীমানা পেরিয়ে প্রাসঙ্গিক হয়ে ওঠে, তা নিয়েও অংশগ্রহণকারীরা কথা বলবেন।'
উল্লেখ্য, ফ্রাঙ্কফুর্ট বইমেলা ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী চলবে। এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বইমেলা ও প্রকাশনা শিল্পের মিলনমেলা।