চলতি বছরের বেইলি গিফোর্ড প্রাইজের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশিত এই তালিকায় জায়গা পেয়েছে ৬ টি বই। এগুলোর মধ্যে রয়েছে মার্কিন লেখক ও সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট জেমস বল্ডউইনকে নিয়ে লেখা একটি নতুন জীবনী এবং মার্কিন অনুসন্ধানী সাংবাদিক প্যাট্রিক র্যাডেন কিফ এর সর্বশেষ বই।
এবার এই পুরস্কারের জন্য ৩৫০টি বই জমা পড়েছিল। এগুলোর মধ্য থেকে ১৩টি বই নিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে একটি দীর্ঘতালিকা প্রকাশ করা হয়। এদিকে ৪ নভেম্বর লন্ডনে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। তিনি পাবেন ৫০ হাজার পাউন্ড (৬৬ হাজার ৫০০ ডলার)।
উল্লেখ্য, বেইলি গিফোর্ড যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ বার্ষিক সাহিত্য পুরস্কার, যা ইংরেজি ভাষায় রচিত বিশ্বের সেরা ননফিকশন বইয়ের জন্য প্রদান করা হয়। ১৯৯৯ সালে স্যামুয়েল জনসন প্রাইজ নামে এটি চালু হয়। এরপর ২০১৬ সালে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বেইলি গিফোর্ড এই পুরস্কারের পৃষ্ঠপোষকতা করায় এটির নাম বেইলি গিফোর্ড প্রাইজ রাখা হয়।
২০২৬ সালের বেইলি গিফোর্ড প্রাইজের সংক্ষিপ্ত তালিকা এক নজরে দেখে নেওয়া যাক:
১. নিকোলাস বগসের ‘বল্ডউইন: আ লাভ স্টোরি’
২. আনন্দ গোপালের ‘ডেজ অব লাভ অ্যান্ড রেইজ: আ স্টোরি অব রেভল্যুশন’
৩. প্যাট্রিক র্যাডেন কিফের ‘লন্ডন ফলিং: আ মিস্টিরিয়াস ডেথ ইন আ গিল্টেড সিটি অ্যান্ড আ ফ্যামিলিজ সার্চ ফর ট্রুথ’
৪. এডমন্ড রিচার্ডসনের ‘আলেকজান্ডার: গড, কিং, ম্যান’
৫. ম্যাথিউ সুইটের ‘দ্য গ্রেট ডিকটেটর: আ লাইফ অব বারবারা কার্টল্যান্ড’
৬. আন্দ্রেয়া উলফের ‘দ্য ট্রাভেলার: দ্য রেভল্যুশনারি লাইফ অব জর্জ ফস্টার অ্যান্ড হিজ সার্চ ফর হিউম্যানিটি’