২০২৭ সালের 'উইমেন্স প্রাইজ ফর ফিকশন' এবং 'উইমেন্স প্রাইজ ফর ননফিকশন' বিভাগের জন্য বিচারক প্যানেলের নাম প্রকাশ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) উইমেন্স প্রাইজ ট্রাস্ট যুক্তরাজ্যের এই মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কারের পরবর্তী আসরের জন্য বিচারক প্যানেলের মোট ১০ জন সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।
উইমেন্স প্রাইজ ট্রাস্টের নির্বাহী পরিচালক ক্লেয়ার শানাহান এক বিবৃতিতে বলেছেন, 'বিচারকরা তাদের ওপর অর্পিত দায়িত্বটি পুরোপুরি অনুধাবন করেছেন। তাদের সম্মিলিতভাবে ৩২টি অসাধারণ বই নির্বাচন করার পাশাপাশি একটি চূড়ান্ত পাঠ্যতালিকা তৈরি করতে হবে। এছাড়া এই বইগুলোর নেপথ্যে থাকা প্রতিভাবান লেখকদের তুলে ধরা এবং তাদের লেখাগুলো বিশ্বের লাখ লাখ পাঠকের হাতে পৌঁছে দিতে সহায়তা করতে হবে। এ সবই উইমেন্স প্রাইজ ট্রাস্টের মূল লক্ষ্যকেই তুলে ধরে। একই সাথে এটি নারীর কণ্ঠস্বরের সেই শক্তির প্রতি আমাদের গভীর বিশ্বাসের প্রতিফলন, যা মানুষকে আনন্দ দেয়, তথ্য জানায় এবং পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়।'
এদিকে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি ননফিকশন বিভাগের দীর্ঘ তালিকা এবং ৭ এপ্রিল সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ১০ মার্চ ফিকশন বিভাগের দীর্ঘ তালিকা এবং ২৮ এপ্রিল সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। ১৭ জুন লন্ডনে আয়োজিত একটি অনুষ্ঠানে উভয় বিভাগের বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে।
উভয় বিভাগের বিচারক প্যানেলের তালিকা নিচে দেওয়া হলো:
উইমেন্স প্রাইজ ফর ফিকশন:
১. মার্ভি এমরে (প্রধান বিচারক): শিক্ষাবিদ, সাহিত্য সমালোচক, সম্পাদক এবং অধ্যাপক।
২. শার্লট কলিন্স: লাইফস্টাইল ম্যাগাজিন 'শিরলাক্স' এর প্রধান সম্পাদক, ব্রডকাস্টার এবং পডকাস্ট হোস্ট।
৩. এস্থার ফ্রয়েড: উপন্যাসিক ও নাট্যকার।
৪. তেরেসা লোলা: কবি, লেখক এবং শিল্পী।
৫. ইমার ম্যাকব্রাইড: উপন্যাসিক ও লেখক।
উইমেন্স প্রাইজ ফর ননফিকশন:
১. সুজি ডেন্ট (প্রধান বিচারক) : অভিধানবিদ, লেখক এবং ব্রডকাস্টার।
২. শ্রাবণী বসু: ভারতীয় বংশোদ্ভূত ইতিহাসবিদ, জীবনীকার ও সাংবাদিক।
৩. রিতা চক্রবর্তী: বিবিসির সাংবাদিক, ব্রডকাস্টার এবং উপন্যাসিক।
৪. সোফি মরগান: লেখক, অ্যাক্টিভিস্ট এবং টেলিভিশন উপস্থাপিকা।
৫. এমা রিড টারেল: সাইকোথেরাপিস্ট, লেখক ও পডকাস্টার।