চিলিয়ান-আমেরিকান বিখ্যাত লেখক ইসাবেল আলেন্দে চলতি বছরের স্পেনের মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ‘প্রেমিও প্লানেতা’ জিতেছেন। ৮৪ বছর বয়সী এই লেখক ছদ্মনামে প্রতিযোগিতায় অংশ নিয়ে ১০ লাখ ইউরো ( ১১ লাখ ৬০ হাজার ডলার) আর্থিক মূল্যের এই সাহিত্য পুরস্কারটি জিতেছেন।
‘লা ওরা আন্তেস দেল আলবা’ উপন্যাসের জন্য আলেন্দে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পান। এই বইটি তার ১৯৮২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘দ্য হাউস অব দ্য স্পিরিটস’ এর সিক্যুয়েল। ‘দ্য হাউস অব দ্য স্পিরিটস’ উপন্যাসে চিলির রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বহু প্রজন্ম ধরে বিস্তৃত একটি পরিবারের কাহিনী তুলে ধরা হয়েছে।
এদিকে 'লা ওরা আন্তেস দেল আলবা' উপন্যাসটি প্রথম বইয়ের অন্যতম একটি চরিত্র আলবা এর কাহিনীকে অনুসরণ করে এগিয়েছে। নতুন এই গল্পে চিলির স্বৈরশাসক অগাস্টো পিনোশের শাসনামলের কারাবাস ও নির্যাতন থেকে বেঁচে ফেরা আলবার জীবন সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে।
উল্লেখ্য, ১৫ অক্টোবর স্পেনের বার্সেলোনায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আলেন্দের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিসিয়া। আলেন্দে সাংবাদিকদের বলেছেন, ' আমার কাছে এটি নোবেল পুরস্কার জয়ের মতোই বিস্ময়কর একটি ঘটনা।'