সত্যজিৎ রায়ের লেখা চারটি কালজয়ী ছোটগল্প নিয়ে নতুন একটি সিনেমা বানাতে যাচ্ছেন তার ছেলে পরিচালক সন্দীপ রায়। ‘খগম’, ‘বাতিক বাবু’, ‘ভুতো’ এবং ‘নীল আতঙ্ক’ নামের চারটি গল্প অবলম্বনে সিনেমাটি তৈরি হবে। সম্প্রতি সন্দীপ রায় এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।
নতুন এই সিনেমা নিয়ে সন্দীপ রায় বলেছেন, বহুদিন ধরেই ছোটগল্প নিয়ে আবার কাজ করার ইচ্ছা ছিল আমার। এর আগে ‘যেখানে ভূতের ভয়’ এবং ‘চার’ এর মতো ছবি তৈরি করেছি। টেলিভিশনের জন্যও ছোটগল্প নিয়ে কাজ করেছি। মাঝখানে বেশ কিছুটা সময় এই ধরনের কাজ আর করা হয়নি। তবে আবার নতুন করে ছোট গল্প নিয়ে কাজ করার ইচ্ছে হচ্ছে। অবশেষে সেটি সফল হতে চলেছে।
তিনি জানিয়েছেন, সত্যজিত রায়ের ‘খগম’, ‘বাতিক বাবু’, ‘ভুতো’ এবং ‘নীল আতঙ্ক’ নামের গল্পগুলো নিয়েই ছবিটি তৈরি করবেন। এতে অভিনয় করছেন শুভাশিস মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, কৌশিক বন্দ্যোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত এবং বরুণ চক্রবর্তী। ১৩ নভেম্বর থেকে ছবির শুটিং শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগেও সত্যজিৎ রায়ের গল্প নিয়ে একাধিক সিনেমা তৈরি করেছেন সন্দীপ রায়। তিনি দীর্ঘদিন ধরে তার বাবার সাহিত্যসৃষ্টিকে ছবির মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দিয়েছেন।