News

রাসেল ব্র্যান্ডের বই প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থাগুলো

November 15, 2026

18 views
Featured Image

ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ব্রিটিশ কৌতুক অভিনেতা ও লেখক রাসেল ব্র্যান্ডের বই বিক্রি বন্ধ ও প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একাধিক শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা। চার নারীকে নিপীড়নের অভিযোগে গত ৫ নভেম্বর লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর প্রকাশকরা এই সিদ্ধান্ত নেয়।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, প্যান ম্যাকমিলান, হডার অ্যান্ড স্টটন, হার্পারকলিন্সের মত বিখ্যাত ব্রিটিশ প্রকাশনা সংস্থাগুলো রাসেল ব্র্যান্ডের বই বিক্রি বন্ধ করার ঘোষণা দিয়েছে। এছাড়া হেনরি হল্ট অ্যান্ড কোম্পানি নামের মার্কিন একটি প্রকাশনা সংস্থাও একই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

প্যান ম্যাকমিলান তাদের প্রকাশিত রাসেল ব্র্যান্ডের বইগুলো বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৭ সালে প্রকাশিত ‘রিকভারি: ফ্রিডম ফ্রম আওয়ার অ্যাডিকশনস’ এবং ২০১৯ সালে প্রকাশিত ‘মেন্টরস: হাউ টু হেল্প অ্যান্ড বি হেল্পড’ বই দুটি । ভুক্তভোগীদের সাহসের প্রশংসা করে তারা এই বইগুলো বিক্রি বন্ধের প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

প্যান ম্যাকমিলানের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, 'রাসেল ব্র্যান্ড দোষী সাব্যস্ত হওয়ার পর তার লেখা বইগুলো বিক্রয় থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং এই প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে। আমরা সেই ব্যক্তিদের সাহসিকতাকে স্বীকৃতি দিই, যারা সামনে এগিয়ে এসেছেন। এছাড়া তার অপরাধের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার প্রতি আমাদের সমবেদনা রয়েছে।'

ব্র্যান্ডের ২০০৭ সালের আলোচিত আত্মজীবনী ‘মাই বুকি উক’ এবং একই বছরে প্রকাশিত ফুটবল বিষয়ক বই ‘আয়রনস ইন দ্য ফায়ার’ বিক্রি বন্ধ করে দিয়েছে প্রকাশনা সংস্থা হডার অ্যান্ড স্টটন। এদিকে ২০১০ সালে হার্পারকলিন্স তার আত্মজীবনীর দ্বিতীয় খন্ড ‘বুুকি উক টু: দিস টাইম ইটস পার্সোনাল’ প্রকাশ করে। তারাও ব্র্যান্ডের লেখা বইটি প্রত্যাহার করে নিয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে এখন আর বইটির কোনো উল্লেখ নেই।

যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ক্যাননগেট থেকে ২০১৪ সালে ব্র্যান্ডের ‘দ্য পাইড পাইপার অব হ্যামেলিন’ নামের একটি বই প্রকাশিত হয়। প্রকাশনা সংস্থাটি দ্য গার্ডিয়ানকে জানিয়েছে, বইটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে আর ছাপা হচ্ছে না। এর কোনো সংস্করণই (ই-বুক ও অডিওসহ) আর পাওয়া যাচ্ছে না। এছাড়া ব্র্যান্ডের ২০১৪ সালের রাজনৈতিক ইশতেহার ‘রেভোলিউশন’ যা পেঙ্গুইন র‍্যান্ডম হাউসের শাখা সেঞ্চুরি থেকে প্রকাশিত হয়েছিল। এই বইটিও এখন আর ছাপা হচ্ছে না বলে একজন মুখপাত্র নিশ্চিত করেছেন।

এদিকে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা হেনরি হল্ট অ্যান্ড কোম্পানিও ব্র্যান্ডের লেখা ‘মেন্টরস: হাউ টু হেল্প অ্যান্ড বি হেল্পড’ এবং ‘রিকভারি: ফ্রিডম ফ্রম আওয়ার অ্যাডিকশনস’ বই দুটি বিক্রি বন্ধ করে দিয়েছে। তারা এই বইগুলোর প্রিন্ট, অডিও এবং ই-বুক সংস্করণ সরিয়ে নিয়েছে। অবশ্য এগুলোর মধ্যে একটি ইতিমধ্যেই মুদ্রণ বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।

অবশ্য ব্র্যান্ডের সর্বশেষ বই 'হাউ টু বিকাম আ ক্রিশ্চিয়ান ইন সেভেন ডেজ’ এখনও পাওয়া যাচ্ছে। বইটি চলতি বছরের মে মাসে টাকার কার্লসন বুকস থেকে প্রকাশিত হয়। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসন, প্রকাশনা সংস্থা স্কাইহর্সের সঙ্গে যৌথভাবে এটি প্রতিষ্ঠা করেন।

উল্লেখ্য, ‘ফরগেটিং সারাহ মার্শাল’, ‘গেট হিম টু দ্য গ্রিক’ ও ‘আর্থার’ এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত রাসেল ব্র্যান্ড। হলিউডের এই তারকা মার্কিন পপশিল্পী কেটি পেরির সাবেক স্বামী ছিলেন। প্রায় দুই দশক আগে চার নারীর ওপর যৌন নিপীড়নের ঘটনায় ৫ নভেম্বর লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে দোষী সাব্যস্ত হন তিনি। এরপর ৯ নভেম্বর তাকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login