পুরস্কারপ্রাপ্ত মার্কিন লেখক ফিল ক্লে পেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন। সম্প্রতি সংস্থাটির ট্রাস্টি বোর্ড সাবেক এই মেরিন সেনাকে এ পদের জন্য নির্বাচিত করেছে। তিনি পেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ইথিওপীয় আমেরিকান উপন্যাসিক দিনাও মেনগেস্তু এর স্থলাভিষিক্ত হলেন।
ফিল ক্লে এমন এক সময়ে এই দায়িত্ব গ্রহণ করছেন, যখন গাজা যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট মতপার্থক্যের জেরে সাহিত্য ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষের এই অলাভজনক সংস্থাটি অভ্যন্তরীণ বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছে। গত জুলাই মাসে মেনগেস্তু পেন আমেরিকার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন।
এর আগে পেন আমেরিকা তাদের ওয়েবসাইটে 'আ সাইলেন্ট মোরাটোরিয়াম' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দেখানো হয় যে, ২০২৩ সালের ৭ অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে ইসরায়েলি ও ইহুদি লেখকরা কীভাবে বয়কট ও পেশাগত বৈষম্যের শিকার হচ্ছেন। একই সাথে এই প্রতিবেদনে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে চলা 'বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাঙ্কশনস' (বিডিএস) আন্দোলনেরও বিপক্ষে অবস্থান নেওয়া হয়।
মেনগেস্তু এই প্রতিবেদনের বিরোধিতা করেন। তিনি অভিযোগ করেন, পেন আমেরিকা মুক্ত মতপ্রকাশের অধিকার রক্ষায় পক্ষপাতমূলক আচরণ করছে। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে চলা বিডিএস আন্দোলনকেও মতপ্রকাশের একটি রূপ হিসেবে বিবেচনা করা উচিত। কিন্তু পেন আমেরিকা যেভাবে এই বয়কটের বিরোধিতা করেছে, তাকে তিনি 'অনৈতিক' বলে আখ্যা দেন।
পেন আমেরিকার অভ্যন্তরীণ কোন্দল ও ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে তৈরি হওয়া বিভাজন মেটানোর লক্ষ্যে ২০২৫ সালের ডিসেম্বরে মেনগেস্তু সংস্থাটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। কিন্তু দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাসের মাথায় তিনি পদত্যাগ করেন।
উল্লেখ্য, ৪৩ বছর বয়সী ফিল ক্লে ২০১৪ সালে ‘রিডিপ্লয়মেন্ট’ নামক গল্পগ্রন্থের মাধ্যমে সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। বইটি ফিকশন বিভাগে ‘ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড’ এবং ‘ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল’ এর ‘জন লিওনার্ড প্রাইজ’ জয় করে। এছাড়া তিনি ‘মিশনারিজ’ নামের একটি উপন্যাস এবং ‘আনসার্টেন গ্রাউন্ড: সিটিজেনশিপ ইন অ্যান এজ অব এন্ডলেস, ইনভিজিবল ওয়ার’ শিরোনামের একটি ননফিকশন বই লেখেন।
এদিকে এক বিবৃতিতে ক্লে বলেন, 'লেখক হিসেবে অবাধ মতপ্রকাশই আমাদের কাজের প্রাণশক্তি। এর অর্থ কেবল বাক স্বাধীনতার অধিকার সংক্রান্ত সংকীর্ণ আইনি দৃষ্টিভঙ্গি নয় বরং সাংস্কৃতিক আদান-প্রদান এবং অন্য মানুষ, সংস্কৃতি ও ধারণাকে বিশেষ করে অস্বস্তিকর ধারণাগুলোকেও বোঝার নিরন্তর প্রচেষ্টার প্রতি গভীর আস্থা রাখতে হবে। পেন আমেরিকাকে এমন একটি সংগঠন হিসেবে টিকিয়ে রাখতে হবে, যাতে লেখকরা এটিকে নিজেদের বলে মনে করতে পারেন।'