আজকাল শহরটাকে খুব কাছ থেকে দেখি,
এখানে আমার নিজেকেই আগন্তুক মনে হয়।
যেন পথ হারিয়ে আমি এলোমেলো হেঁটে বেড়াচ্ছি।
রাস্তায় যত মানুষ, প্রত্যেকেরই আলাদা গন্তব্য।
কিন্তু তাদের চলাচল দেখলে আমার মনে হয়
তাড়া যেন অন্ধকারে হাতড়ে হাতড়ে হাঁটছে।
কেউ অফিস ফেরে, কেউ বাড়ি ফেরে, আবার কেউ
সম্ভবত প্রেমিকার কাছে, গন্তব্য আসলে কোনটিই সত্য নয়।
মানুষের চলাচল যেন এক অন্তহীন অভিনয়।
আমি সন্ধ্যার পর বারান্দায় দাঁড়িয়ে থাকি,
পুরোনো কোনো মুখ হঠাৎ বাতাসে ভেসে এলে
চোখ সরিয়ে নিই, যেন চিনতে পারিনি তাকে।
তুমি যাবার পর না চেনার অভিনয় আমি রপ্ত করে ফেলেছি।
তোমার মতো।
তুমি বলেছিলে, মানুষ একদিন সব ভুলে যায়,
আমি তখন বিশ্বাস করেছিলাম,
এখন বুঝি, ভুলে যাওয়া আর অভ্যস্ত হয়ে যাওয়া এক নয়।
কিছু রাত আছে, ঘুম আসে না,
মোবাইলের আলোয় নিজের মুখটা অচেনা লাগে,
মনে হয়, এই মানুষটির সঙ্গে আমার কোনো পুরোনো সম্পর্ক ছিল।
শহর তখন অনেক দূরে সরে যায়,
শুধু জানালার কাঁচে নিজের নিঃশ্বাস জমে থাকে,
অদ্ভুত কিছু একাকীত্বে আমার মনে হয়,
তোমাকে আমি ডাকলেই হয়ত চলে আসবে।
তখন হয়তো এই পৃথিবীটা একটু অন্যরকম হবে।
তবে তোমার না আসাটাই ভালো, এ শহরে আমার
আগন্তুকের চরিত্রই আমার এখন ভালো লাগে।