বহুদিন পর এ পাড়ায় এসে দেখি
দরজায় আর সেই কড়াটা নেই,
জং ধরে গেছে কড়া নাড়ার অভ্যাসেও।
অথচ কত সহজে একসময় ছোঁয়া যেত তোমার বারান্দা!
এখন শুধু কাচের ওপারে জমে থাকা শীত,
আর স্তব্ধ সিঁড়িতে দীর্ঘ ছায়ার বিচরণ।
আমরা কি সত্যিই দূরে সরে গেছি এত?
নাকি সময়ের এই কার্নিশে আজও বেঁচে আছে
আমাদেরই ফেলে আসা কোনো তীব্র দুপুর।
হাতের রেখায় আজও লেগে আছে সেই পোড়ামাটি গন্ধ,
যা মুছে ফেলার নয়।
তুমি হয়তো অন্য ঘরে ভালোই আছ,
তবুও মাঝরাতে হঠাৎ যখন গাড়ি থামে নিচে,
মন ভাবে, এই বুঝি ফেরা হলো সেই পুরোনো ঠিকানায়।