সাম্প্রতিক বছরগুলোতে নোবেল শান্তি পুরস্কারের নির্বাচন আন্তর্জাতিক ভূরাজনীতি এবং বিশ্ব শান্তির রূপরেখাকে শুধু স্পর্শই করেনি, বরং বিশ্বরাজনীতির জটিল বাস্তবতাকে গভীরভাবে প্রতিফলিত করেছে। গতবারের মারিয়া করিনা মাচাদোর পুরস্কার প্রাপ্তির পর এবারকার নাভি পিল্লাই-এর নোবেল শান্তি পুরষ্কার প্রাপ্তি বিশ্বজুড়ে রাজনৈতিক, কূটনৈতিক ও বুদ্ধিবৃত্তিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একদিকে আঞ্চলিক রাজনৈতিক আন্দোলনকে অগ্রাধিকার দেওয়া, অন্যদিকে আন্তর্জাতিক আইন ও সর্বজনীন মানবাধিকারের নিরপেক্ষ সুরক্ষাকে সম্মানিত করার মাধ্যমে নোবেল কমিটি এক অভূতপূর্ব বৈচিত্র্যময় বার্তা দিল।
দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ শান্তিপূর্ণ সংগ্রামের স্বীকৃতি হিসেবে নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো-কে মনোনীত করে। সিদ্ধান্তটি বিশ্বজুড়ে এক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। মাচাদোর সমর্থক ও মানবাধিকারকর্মীদের মতে, স্বৈরাচারী শাসনের মুখোমুখি দাঁড়িয়ে একজন নারী নেত্রীর গণতন্ত্র পুনরুদ্ধারের নিরলস প্রচেষ্টাকে সম্মান জানানো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও জরুরি পদক্ষেপ। কিন্তু মারিয়া করিনা মাচাদোর ইসরাইল-বান্ধব অবস্থান, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপে তাঁর সমর্থন ব্যক্ত করা এবং তাঁর ইসরাইল নীতি নিয়ে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক পরিমণ্ডলে মিশ্র ও সমালোচনামূলক প্রতিক্রিয়া দেখা যায়। নিরপেক্ষ বিশ্লেষকদের মতে, এমন রাজনৈতিক অবস্থান নোবেল কমিটির নিরপেক্ষতা নিয়ে কিছু ভূরাজনৈতিক প্রশ্ন তুলেছিল।
২০২৫ সালের এই রাজনৈতিক টানাপোড়েন ও বৈশ্বিক বিতর্কের পর ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের ঘোষণাটি বিশ্বজুড়ে এক গভীর স্বস্তি ও ইতিবাচক বার্তার আবহ তৈরি করে। এ বছর পুরস্কারে ভূষিত হন দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত আইনবিদ এবং জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই। নরওয়েজিয়ান নোবেল কমিটি তাঁকে "আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং বিশ্বজুড়ে শান্তি ও মানবাধিকার রক্ষার অবিরাম প্রচেষ্টার" জন্য সম্মানিত করে।
নাভি পিল্লাইয়ের এই নির্বাচনকে নোবেল কমিটির জন্য এক অনন্য ‘সুসিদ্ধান্ত’ হিসেবে দেখা হলেও, এটি ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে। জাতিসংঘের তদন্ত কমিশনে ভূমিকা এবং ইসরাইলি নীতির সমালোচনা করার কারণে ইসরাইলি কর্তৃপক্ষ এবং তাদের সমর্থক গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তের কড়া সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে। কিন্তু বিশ্বজুড়ে সার্বিক নিরপেক্ষতার নিরিখে তিনি কোনো নির্দিষ্ট দেশ বা রাজনৈতিক স্বার্থগোষ্ঠীর প্রতিনিধি নন। আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC), রুয়ান্ডা বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং জাতিসংঘে তাঁর সুদীর্ঘ অবদান বিশ্বজুড়ে সর্বজনস্বীকৃত। বিশ্বজুড়ে যখন আঞ্চলিক যুদ্ধ ও সংঘাত বেড়ে চলেছে, তখন আন্তর্জাতিক আইন ও সর্বজনীন বিচারব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া একটি অত্যন্ত জরুরি পদক্ষেপ হিসেবে দেখা যেতেই পারে।
২০২৫ ও ২০২৬ সালের এই দুটি নির্বাচনের তুলনা করলে আমরা বুঝি, নোবেল শান্তি পুরস্কার একই সঙ্গে প্রতিবাদী কণ্ঠকে সাহস জোগানো এবং বৈশ্বিক আইনের ভারসাম্য বজায় রাখার এক সূক্ষ্ম চেষ্টা করে চলেছে। ২০২৫ সালের সিদ্ধান্তটি যেখানে ছিল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের এক রাজনৈতিক প্রতীক, সেখানে ২০২৬ সালের সিদ্ধান্তটি ছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আইনের শাসন ও নিরপেক্ষ বিচারব্যবস্থার চরম প্রয়োজনীয়তার এক সুস্পষ্ট বৈশ্বিক বার্তা। পাশাপাশি দুই বছরের নোবেল শান্তি পুরষ্কার ঘোষণার মধ্য দিয়ে কমিটির বিতর্ক ও বৈপরীত্য সামলে নেয়ার প্রয়াস মোটামুটি স্পষ্ট।
যা-ই হোক, অন্ততঃ নোবেল কমিটি ‘শান্তি’-র মূল অর্থ মাঝে মাঝে তো বুঝে!