হাওয়া পাখিদের স্বরে কথা বলা নদী,
কানে টুকে রেখে লবণজলের ঢেউ,
রটিয়ে চলছে অপার চতুর্দিকে—
চুইঝাল দিয়ে হৃদয় রেঁধেছে কেউ।
.
এদিকে কারোর দিক নেই, চোখ নেই।
মাছের মগজে কেউ কেউ রাতফুল।
বুকে বেজে চলা বাঁশির সুরের ঘাড়
কামড়ে কারোর দ্বিধাদল শ্মশ্রুল।
.
দ্বিধারা বাজায় মুনলাইট সোনাটা,
সোনামুগ ফুলে শুয়ে শোনে বিথোভেন।
মিশুকেরা তাই আঁচ করতেই পারে—
লেগুনায় চড়ে বসন্ত ঘনাবেন।