২০২৬ সালের টি এস এলিয়ট প্রাইজের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় জায়গা পাওয়া ১০ জন কবির মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের সাবেক রাজকবি অ্যান্ড্রু মোশন এবং পুলিৎজারজয়ী মার্কিন কবি জোরি গ্রাহাম। এটি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রকাশিত বছরের সেরা কাব্যগ্রন্থের জন্য দেওয়া সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার।
অ্যান্ড্রু মোশন ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের ‘পোয়েট লরিয়েট’ (রাজকবি) ছিলেন। তিনি ১৫টিরও বেশি কাব্যগ্রন্থের পাশাপাশি ফিলিপ লার্কিন ও জন কিটসের জীবনীসহ বেশ কিছু ননফিকশন বই লিখেছেন।
জোরি গ্রাহাম ১৯৯৬ সালে তার নির্বাচিত কবিতার সংকলন ‘দ্য ড্রিম অব দ্য ইউনিফাইড ফিল্ড’ এর জন্য পুলিৎজার পুরস্কার জয় করেন। ৭৬ বছর বয়সী এই কবি ২০১২ সালে ‘প্লেস’ কাব্যগ্রন্থটির জন্য টি এস এলিয়ট প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন। এই বইটিই পরবর্তীতে সেরা কাব্যগ্রন্থ হিসেবে ‘ফরোয়ার্ড প্রাইজ’ জয় করে।
এদিকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া কবিরা আগামি বছরের ১৭ জানুয়ারি লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়্যাল ফেস্টিভ্যাল হলে তাদের কবিতা আবৃত্তি করবেন। ১৮ জানুয়ারি বিশ্ববিখ্যাত জাদুঘর ওয়ালেস কালেকশনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
উল্লেখ্য, পোয়েট্রি বুক সোসাইটি তাদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং এর প্রতিষ্ঠাতা কবি টি এস এলিয়টকে সম্মান জানানোর লক্ষ্যে ১৯৯৩ সালে এই পুরস্কারটি প্রবর্তন করে। পুরস্কার হিসেবে বিজয়ী কবি পাবেন ২৫ হাজার পাউন্ড এবং সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া প্রত্যেক কবি পাবেন ১ হাজার ৫০০ পাউন্ড। গত বছর কানাডীয় কবি ক্যারেন সোলি তার ‘ওয়েলওয়াটার’ কাব্যগ্রন্থের জন্য এই পুরস্কার জিতেছিলেন।
২০২৬ সালের টি এস এলিয়ট প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ১০ জন কবি এবং তাদের কবিতা সংকলনের তালিকা নীচে দেওয়া হলো:
১. জোরি গ্রাহাম — 'কিলিং স্প্রি'
২. অ্যান্ড্রু মোশন — 'গ্র্যাভিটি আর্কাইভস'
৩. ইমানি মেসন জর্ডান — 'পিভট'
৪. সিলভিয়া লেগ্রিস — 'স্লিপ গেট'
৫. শারা ম্যাকক্যালাম — 'বিহোল্ড'
৬. কিম মুর — 'দ্য হাউস অব ব্রোকেন থিংস'
৭. হলি পেস্টার — 'ক্যাফেস'
৮. কিথ জ্যারেট — 'হাইড মি আন্ডার দ্য ব্লাড অ্যান্ড আই শাল বি স্যাটিসফাইড'
৯. জানা প্রিকরিল — 'দ্য চ্যানেল'
১০. বিলি রামসেল — 'রেন্ডার'