প্রতিদিন নতুন করে বারবার
আমি তোমার প্রেমে পড়ে যাই।
অফিস যাবার সময়,
অথবা অফিস যেতে যেতে
তোমার চোখ দুটো মনে করে
তোমার প্রেমে পড়ে যাই।
চশমার কাঁচ মোছার সময়
তোমার মুখখানা মনে করে
আবার তোমার প্রেমে পড়ি।
কোমর বেঁধে ঝগড়া করতে আসো যখন,
বিনা যুদ্ধে হার মেনে চট করে
আবার তোমার প্রেমে পড়ে যাই।
বাইরে থেকে ফিরতে দেরী হলে
তোমার অভিমানী মুখটা মনে করে
অজুহাত তৈরীর সময়ও
তোমার প্রেমে পড়ে যাই।
বারান্দা হতে হন্তদন্ত হয়ে এসে
যখন বলো, টবে ফুল ফুটেছে।
অবাক হয়ে তোমার হাসিমুখ দেখে
তোমার প্রেমে পড়ে যাই।
দিনভর বাইরে ঘুরাঘুরির ফাঁকে
ফোনে যখন বলো, কোথায় আছ?
বিশ্বাস করো, ঠিক তখন আমি আবার
তোমার প্রেমে পড়ে যাই।
একা একা সিগ্রেট ধরাতে গিয়ে
তোমার বারণের কথা মনে করেও
তোমার প্রেমে পড়ে যাই।
সংসারধর্মের আচার রীতির ভেতর
তোমার দিনভর ব্যাস্ততা দেখেও
তোমার প্রেমে পড়ে যাই।
সহজ কথায় বলতে গেলে
সোজা কথায় বলতে গেলে
প্রতিদিন নতুন করে অসংখ্যবার
আমি তোমার প্রেমে পড়ে যাই।
(এ কবিতাটি আমার লেখা আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ কাব্যগ্রন্থ থেকে নেয়া। বইটি ২০২০ সালে প্রকাশিত হয়েছিল)