এক অদ্ভুত আলোয় রাংগিয়ে দিলে এই দিনটা।
অসীম আনন্দে উচ্ছলতা হারিয়ে
স্তব্ধতার পাহাড় হয়ে ঠায় তাকিয়ে আছি,
কতদিন পর তোমায় দেখলাম।
আগের মতোই আছ, সেই দীপ্তিময় চোখ,
মাঝে মাঝে ভ্রু উঁচিয়ে কথা বলা।
চুলে হালকা পাক ধরেছে, সেতো আমারও।
ডান হাতের কব্জিতে তিলটা দেখে ছুঁতে ইচ্ছে করছিল
খুব। অনেকদিনের না কথা বলা আর না দেখায়
কোত্থেকে যেন একটা কাঁচের দেয়াল এসে
দাঁড়িয়েছে। সময়ের নাগরদোলায় দুজনে দুজনকে
কেবল দেখতে পাই, কাছে যাওয়া যায় না,
স্পর্শের বাহিরে এক বিচিত্র জীবন।
আমায় শুনতে পাও তুমি? আগের দিনগুলোতে
দুরে থেকেও কেমন করে যেন তুমি আমার সব
বুঝতে পারতে। পড়তে পারতে আমায় খোলা
বইয়ের মতো।
আমি কি এখনো সেরকম সহজবোধ্য তোমার কাছে?
শুনেছিলাম, সব মানুষ কোন একজনের কাছে
একসময় খোলা বইয়ের মতো থাকে। জাগতিক
দূরত্বে সে বই একসময় দুর্বোধ্য হয়ে যায়।
(এ কবিতাটি আমার লেখা আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ কাব্যগ্রন্থ থেকে নেয়া। বইটি ২০২০ সালে প্রকাশিত হয়েছিল)